শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: পূর্ব লন্ডনের বাংলাদেশি অধ্যুষিত এলাকা ইলফোর্ডের একটি মসজিদে তারাবির নামাজের সময় গুলির ঘটনা ঘটেছে। বৃহস্পতিবার স্থানীয় সময় রাত ১১ টার সময় এ ঘটনা ঘটে। এতে মসজিদের ভেতরে থাকা মুসল্লিদের কেউ হতাহত হয়নি।
পুলিশ জানিয়েছে, মসজিদের বাইরে শটগান দিয়ে একটি ফাকা গুলি ছোরা হয়েছে। কাউকে লক্ষ্য করে গুলি চালানো হয়নি। এ বিষয়ে লন্ডন মেট্রোপলিটন পুলিশ তদন্ত চালিয়ে যাচ্ছে। ঘটনার পর থেকে বন্ধ রয়েছে মসজিদটি। এ খবর দিয়েছে দ্য গার্ডিয়ান।
খবরে বলা হয়, সেভেন কিংস নামের ওই মসজিদে গুলির ঘটনা ঘটলে স্থানীয়দের মধ্যে আতঙ্ক ছড়িয়ে পরে।
তবে পুলিশ নিশ্চিত করেছে এটি কোনো সন্ত্রাসী হামলা নয়। ঘটনার সময় অস্ত্রধারী ওই ব্যাক্তি মসজিদে প্রবেশ করতে চান। কিন্তু মুসল্লিরা তাকে ভেতরে ঢুকতে বাধা দেয়। এসময়ই গুলির শব্দ শোনা যায়। নিউজিল্যান্ডের ক্রাইস্টচার্চ মসজিদে ভয়াবহ সন্ত্রাসী হামলার পর এমন ঘটনায় উদ্বিগ্ন হয়ে পরেছেন স্থানীয় মুসলিমরা।
মসজিদে নামাজরত ১৯ বছর বয়সী ইব্রাহীম হুসাইন গার্ডিয়ানকে জানিয়েছেন, নামাজ শুরুর প্রায় আধা ঘন্টা পর গুলির শব্দটি শোনা যায়। এক বিবৃতিতে মসজিদের ইমাম মুফতি সুহেল বলেন, একজন মানুষ মসজিদে প্রবেশ করতে চেয়েছিলেন।
এরপর তাকে মসজিদের গেটে থামানো হলে সে পালিয়ে যায়। ঘটনার সঙ্গে সঙ্গেই পুলিশ ঘটনাস্থলে পৌছে যায়। এখনো ওই ব্যাক্তিকে ধরতে অভিযান চালানো হচ্ছে। পুলিশ জানিয়েছে, আসেপাশের কোনো ভবনেই গুলির চিহ্ন নেই।
তবে তথ্য প্রমাণের ভিত্তিতে বোঝা যাচ্ছে এখানে একটি গুলি চালানো হয়েছে অর্থাৎ ফাকা গুলি করা হয়েছে। এখনো ঘটনাস্থল ঘিরে রেখেছে পুলিশ।