রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৪:৩৪

স্কুলে হিজাব নিষিদ্ধ করে আইন পাস অস্ট্রিয়ায়

স্কুলে হিজাব নিষিদ্ধ করে আইন পাস অস্ট্রিয়ায়

শীর্ষবিন্দু আন্তর্জাতিক নিউজ ডেস্ক: প্রাথমিক স্কুলে মুসলমান মেয়েদের হিজাব বা মাথায় যে কোনো ধরনের কাপড় পরা নিষিদ্ধ করে আইন পাস করেছে অস্ট্রিয়া সরকার।

বুধবার রাতে সরকারের তরফ থেকে এ বিষয়ে নির্দেশনা দেয়া হয়। খবর ডয়েচে ভেলের। আইনটি কোনো সাম্প্রদায়িক কারণে করা হয়নি– এই বিষয়টি প্রতিষ্ঠিত করতে সেটিতে লেখা হয়েছে, যে কোনো আদর্শগত বা ধর্মীয় প্রভাবান্বিত পোশাক, যা মাথা ঢেকে রাখার জন্য ব্যবহার করা হয়, তা নিষিদ্ধ।

তবে শিখদের পাগড়ি বা ইহুদিদের টুপি এই নিষেধাজ্ঞার আওতায় পড়বে না। কারণ এ আইনে এমন মাথার কাপড়ের কথা বলা হয়েছে, যেটি সব চুল বা মাথার অধিকাংশ অংশ ঢেকে রাখে।

সংসদে বিলটি উত্থাপনের পর দেশটির ক্ষমতাসীন মধ্য ডানপন্থী দল পিপলস পার্টি এবং উগ্র ডানপন্থী ফ্রিডম পার্টির সদস্যরা এটির পক্ষে ভোট দেন।

তবে বিরোধী দলের প্রায় সব সদস্য বিলটির বিপক্ষে ভোট দিয়েছিলেন। দেশটির ক্ষমতাসীন দলের আইনপ্রণেতারা ইতিমধ্যে স্বীকার করেছেন যে, মূলত মুসলমান মেয়েদের জন্যই এই নতুন আইনটি প্রণয়ন করা হয়েছে।

পিপলস পার্টির আইনপ্রণেতা রুডলফ টাশনার বলেন, মেয়েদের নতিস্বীকার করা থেকে মুক্ত করতে এ আইন প্রণয়ন করা হয়েছে।

এদিকে অস্ট্রিয়ার আনুষ্ঠানিক মুসলিম কমিউনিটি সংগঠন নতুন আইনটিকে ধ্বংসাত্মক এবং শুধুমাত্র মুসলমানদের বিরুদ্ধে বৈষম্যমূলক আখ্যা দিয়ে এই আইনটির বিরুদ্ধে আইনি লড়াইয়ের ঘোষণা দিয়েছে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026