শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: তিন দিনের ব্রিটেন সফরের প্রথম দিনে সোমবার সকালে স্ট্যানস্টেডে পৌঁছান মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প ও ফার্স্ট লেডি মেলানিয়া ট্রাম্প।
বিমান বন্দরে তাদের স্বাগত জানান মার্কিন রাষ্ট্রদূত উডি জনসন ও ব্রিটেনের পররাষ্ট্রমন্ত্রী জেরেমি হান্ট। ব্রিটিশ রানি দ্বিতীয় এলিজাবেথের সঙ্গে দেখা করার পূর্বে তারা যান লন্ডনের রিজেন্ট পার্কের মার্কিন রাষ্ট্রদূতের বাসভবনে। ডেইলি মেইল, সিএনএন,
এরপর বাকিংহাম প্যালেসে ট্রাম্প-মেলানিয়াকে স্বাগত জানান রানি এলিজাবেথ। ছিলেন প্রিন্স চার্লস, ডাচেস অব কর্ণওয়াল ক্যামিলিয়াসহ রাজপরিবারের সিনিয়র সদস্যরা। তাকে গার্ড অব অনার ও ৪১ বার গান স্যালুট দেয়া হয়।
পরিবেশন করা হয় যুক্তরাষ্ট্র ও যুক্তরাজ্যের জাতীয় সঙ্গীত। ট্রাম্প-মেলানিয়া বাকিংহাম প্যালেসে পৌঁঁছানোর পূর্বেই সেখানে হাজির হয়েছিলেন ফার্স্ট ডলার ইভানকা ট্রাম্প ও তার সঙ্গী জ্যারেড কুশনার।
এদিন ট্রাম্প-মেলানিয়ার সৌজন্যে বাকিংহাম প্যালেসে দুপুরের খাবারের আয়োজন করা হয়। ভোজে যোগ দেন ‘ডিউক অব সাসেক্স’ প্রিন্স হ্যারি, ডিউক অব কেমব্রিজ প্রিন্স উইলিয়াম ও ডাচেস অব ক্যামব্রিজ কেট মিডলটন। সন্তান আর্চির সঙ্গে থাকায় উপস্থিত হন নি ডাচেস অব সাসেক্স মেগান মের্কেল।
ভোজের পর মার্কিন প্রেসিডেন্ট ও ফার্স্ট লেডিকে রাজকীয় সংগ্রহে থাকা দুলর্ভ জিনিস-পত্র দেখানো হয়। ট্রাম্পকে উইনস্টন চার্চিলের বই ‘দ্য সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ার’ ও তিনটি দুলর্ভ কলম উপহার দেন রাণী। মেলানিয়াকে দেয়া হয় মীনার কারুকাজ খচিত রুপোর বাক্স।
এরপর ওয়েস্টমিনিস্টার অ্যাবেতে প্রিন্স চার্লস ও ক্যামেলিয়ার সঙ্গে ক্লারেন্স হাউসে চা-পানে অংশ নেন ট্রাম্প মেলানিয়া। চা-পর্বের পর রানির আয়োজনে রাষ্ট্রীয় নৈশভোজে যোগ দেন ট্রাম্প।
নৈশভোজে উপস্থিত ছিলেন রাজপরিবারের সদস্যরা। ছয়মাস ধরে পরিকল্পনা করে রাজকীয় কর্মীরা তিন দিন ধরে খাবার টেবিল সাজান। এই ভোজে উপস্থিত ছিলেন ১৭০জন অতিথি।
আগামীকাল ব্রিটিশ প্রধানমন্ত্রী থেরেসা মে’র সঙ্গে দেখা করতে ডাউনিং স্ট্রিটে যাবেন ট্রাম্প। এদিন জলবায়ু পরিবর্তন ও চীনের টেক ফার্ম হুয়াই নিয়ে আলোচনা হতে পারে দুই নেতার।
ট্রাম্পের এই সফরকে কেন্দ্র করে লন্ডন, ম্যানচেস্টার, বেলফেস্ট ও বার্মিংহাবে বিক্ষোভের পরিকল্পনা করেছেন বিক্ষোভকারীরা। লন্ডন ব্রিজের দুই পাশে টাঙানো হয়েছে ‘রেসিস্ট ট্রাম্প’ ব্যানার ও পোস্টার।
প্রসঙ্গত, এর আগে মাত্র দুই মার্কিন প্রেসিডেন্ট জর্জ ডব্লিউ বুশ ও বারাক ওবামা রাষ্ট্রীয় সফরের আমন্ত্রণ পেয়েছেন। রাষ্ট্রীয় সফর আনুষ্ঠানিক সফরের চেয়ে আলাদা। কারণ এখানে সরকারের পরামর্শে রানি আমন্ত্রণ জানান।