রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৫

পার্লামেন্ট স্থগিতের পর যা জানা প্রয়োজন ব্রিটিশদের

পার্লামেন্ট স্থগিতের পর যা জানা প্রয়োজন ব্রিটিশদের

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী বরিস জনসন পার্লামেন্ট স্থগিতের কার্যক্রম শুরু করেছেন। যা শেষ অবধি কার্যকর হলে, ব্রেক্সিট অর্থাৎ ইউরোপিয়ান ইউনিয়ন (ইইউ) থেকে বৃটেনের প্রস্থান বিষয়ে বিতর্কের জন্য অনেক কম সময় পাবেন এমপিরা।

আইনানুযায়ী ৩১শে অক্টোবর স্বয়ংক্রিয়ভাবে ইইউ থেকে বের হয়ে যাবে বৃটেন। তার আগ পর্যন্ত মোট ৫ সপ্তাহের জন্য স্থগিত থাকবে পার্লামেন্ট। অর্থাৎ পার্লামেন্ট কার্যকর থাকবে মাত্র ৪ সপ্তাহ। রাজনীতিকদের মধ্যে যারা চান বৃটেন ইইউতে থেকে যাক, তারা এই পদক্ষেপকে ‘অভ্যুত্থান’ হিসেবে আখ্যা দিয়েছেন। এমনকি ব্রেক্সিটের পক্ষের কেউ কেউ প্রধানমন্ত্রীর ওই পদক্ষেপের সমালোচনা করেছেন।

তবে আচমকা জনসনের এমন সিদ্ধান্তে অনেক প্রশ্ন ওঠে আসছে। বিবিসি এরকম কয়েকটি প্রশ্নের উত্তর দিয়েছে তাদের এক বিশেষ প্রতিবেদনে। পাঠকদের জন্য সেগুলো তুলে ধরা হলো। পার্লামেন্ট স্থগিত করা কি বৈধ?

বিবিসি বলছে, হ্যাঁ। সাধারণত, কোনো অধিবেশনের শেষ ও পরবর্তী অধিবেশনের শুরু নাগাদ পার্লামেন্ট স্থগিত থাকে। কিন্তু বিদ্যমান যে পরিস্থিতিতে পার্লামেন্ট স্থগিত করা হলো, তা অস্বাভাবিক। তা সত্ত্বেও, প্রধানমন্ত্রীর এই সিদ্ধান্তের বিরুদ্ধে আইনি পদক্ষেপ নেয়ার সুযোগ সীমিত, কেননা সরকার কোনো আইন লঙ্ঘন করছে না। বরং, পার্লামেন্টারি রীতিনীতি অনুসরণ করেই এই পদক্ষেপ নিয়েছেন জনসন।

এমপিরা এখন যা করতে পারেন তাহলো, তারা স্থগিতাদেশ মেনে নিতে পারেন। ফলে চুক্তিবিহীন ব্রেক্সিট হয়ে যাবে। অথবা, তারা অনাস্থা ভোট এনে এই সরকারের পতন ঘটিয়ে নতুন নির্বাচনের ডাক দিতে পারেন।

প্রধানমন্ত্রী বরিস জনসনের সংসদ স্থগিতের বিরল সিদ্ধান্তে হুমকির মুখে পড়েছে দেশটির গণতন্ত্র। এতে সৃষ্টি হতে পারে সাংবিধানিক সংকটও।

এমন অভিমত সরকারি ও বিরোধীদলীয় রাজনীতিক থেকে শুরু করে সাধারণ জনতার। তারা বলছেন, যে কোনো উপায়ে ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) থেকে ব্রিটেনের বিচ্ছেদ (ব্রেক্সিট) প্রক্রিয়া সম্পন্ন করতেই এ পদক্ষেপ নিয়েছেন জনসন।

দীর্ঘদিনের জন্য সংসদ স্থগিত হয়ে যাওয়ায় নির্দিষ্ট সময়ের মধ্যে ব্রেক্সিট বাস্তবায়নে কার্যত জনসনের সামনে আর কোনো বাধা থাকল না। ঐতিহ্যবাহী ব্রিটিশ গণতন্ত্র কি তাহলে ‘এক নায়কতন্ত্রের’ খপ্পরে পড়ল? বিবিসি ও দ্য গার্ডিয়ান

অবশ্য, খোদ হাউজ অব কমন্সের স্পিকার জন বারকো, যিনি নিজে কনজারভেটিভ দলের সদস্য, বলেছেন, এই মুহূর্তে পার্লামেন্ট স্থগিত করা সাংবিধানিক অবমাননা।

রানীর কি কিছু করণীয় ছিল?
সংসদ স্থগিতের ক্ষেত্রে রাণীর অনুমতি নেয়ার বিধান আছে। তার এক্ষেত্রে কিছু এখতিয়ারও আছে, যদিও তা সীমিত। কাগজে-কলমে, সরকার এক্ষেত্রে রানীর কাছে অনুমতি চেয়েছিলেন। কিন্তু এটি আনুষ্ঠানিকতা মাত্র, কেননা রাণী নিজেকে রাজনীতির বাইরে রাখেন। তিনি অসম্মতি জ্ঞাপন করেননি। যদি করতেন, তাহলে তা নজিরবিহীন হতো।

এরপরে কী হবে?
গ্রীষ্মকালীন ছুটি শেষে ৩রা সেপ্টেম্বর পার্লামেন্ট অধিবেশন বসবে। এর এক সপ্তাহ পর পার্লামেন্ট বিরতিতে চলে যাওয়ার কথা রয়েছে। ব্যতিক্রম কিছু না ঘটলে, স্থগিতকাল শেষে ১৪ই অক্টোবর পার্লামেন্ট অধিবেশন ফের শুরু হবে। ততদিনে ইইউ থেকে প্রস্থানের জন্য কেবল আড়াই সপ্তাহ সময় বাকি থাকবে। তবে এমপিরা যদি ১০ই সেপ্টেম্বরের মধ্যে অনাস্থা ভোট পাস করতে পারেন, তাহলে অক্টোবরে জাতীয় নির্বাচন হবে।
নির্বাচন হলেও কি ব্রেক্সিট হবে?

এ প্রশ্নের সহজ কোনো উত্তর নেই। বর্তমান ক্ষমতাসীন দল কনজারভেটিভরা জিতলে, হ্যাঁ। ব্রেক্সিট হবে। বর্তমান জনমত জরিপে তারা এগিয়ে আছে। বরিস জনসন প্রধানমন্ত্রী হওয়ার পর গত সপ্তাহে তাদের সমর্থন ছিল ৩১ শতাংশ। ১০-১২ পয়েন্ট পিছিয়ে প্রধান বিরোধী দল লেবার পার্টির অবস্থান ২১ শতাংশে। লেবার পার্টির ভোটাররা ব্রেক্সিট ইস্যুতে বিভাজিত। দলটির শ্রমজীবী সমর্থকদের মধ্যে ব্রেক্সিট সমর্থনের প্রবণতা আছে। আবার বিভিন্ন শহুরে ভোটাররা ইইউতে থাকার পক্ষে।

কিন্তু কনজারভেটিভরা যে জিতবেই, তার নিশ্চয়তা নেই। লিবারেল ডেমোক্রেট ও স্কটিশ ন্যাশনালিস্ট পার্টিরও সমর্থন ফেলনা নয়। এই দল দুটি যেকোনো মূল্যে ব্রেক্সিটের বিরোধী। আবার আছে ব্রেক্সিট আন্দোলনের অন্যতম পুরোধা নাইজেল ফ্যারাজের ব্রেক্সিট পার্টি। এর মধ্যে স্কটিশ কনজারভেটিভ পার্টির নেতা রুথ ডেভিডসন বৃহস্পতিবার পদত্যাগ করেছেন। এতে স্কটল্যান্ডে বড় ধরনের আঘাত পেতে পারে কনজারভেটিভরা।

যুক্তরাজ্যের বিরোধী রাজনৈতিক দলগুলো চায় চুক্তির মাধ্যমে ব্রেক্সিট সম্পন্ন করতে। এই দাবি বাস্তবায়নে বিরোধীদের সামনে একমাত্র সংসদীয় পথই খোলা ছিলো। বুধবার সংসদ স্থগিতের মাধ্যমে যা আটকে দিলেন জনসন। বিরোধীদের চেয়ে মাত্র একটি আসন বেশি নিয়ে ক্ষমতায় রয়েছে কনজারভেটিভ পার্টি। এই দলটিরও আবার অনেকে চুক্তিহীন ব্রেক্সিট চান না।

ফলে যে কোনো উপায়ে ব্রেক্সিট বাস্তবায়নে জনসনের পথটা খুব মসৃণ হতো না। গ্রীষ্ফ্মকালীন ছুটি শেষে আগামী ৩ সেপ্টেম্বর সংসদ অধিবেশন শুরু হওয়ার কথা। ১০ সেপ্টেম্বরই আবার স্থগিত হয়ে যাবে সংসদ। ১৪ অক্টোবর যুক্তরাজ্যের রানী দ্বিতীয় এলিজাবেথ নতুন অধিবেশন শুরুর প্রথম দিন ভাষণ দেবেন। ব্রেক্সিটের তারিখ নির্ধারিত হয়ে আছে ৩১ অক্টোবর।

অর্থাৎ, নতুন অধিবেশন শুরুর পর বাকি থাকে মাত্র দুই সপ্তাহ। এই অল্প সময়ে চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানোর সময় পাবেন না বিরোধীরা। সাধারণত সংসদের ছুটির তারিখ বা অধিবেশন মুলতবির বিষয়ে সাংসদরা সিদ্ধান্ত নিতে পারেন।

কিন্তু জনসনের সরকার যে উপায়ে সংসদ স্থগিত করেছে তা ‘প্রোরোগেশন’ নামে পরিচিত। এই প্রক্রিয়ায় সংসদ স্থগিতের বিষয়ে সাংসদদের মতামত দেওয়ার সুযোগ নেই। প্রোরোগেশনের মাধ্যমে সংসদ স্থগিত হলে সব ধরনের বিতর্ক ও ভোটাভুটি বন্ধ থাকে।

এমনকি যেসব বিল সংসদে পাসের প্রক্রিয়াধীন রয়েছে, সেগুলোও বাজেয়াপ্ত হয়ে যায়। ফলে বিরোধীদের জন্য এখন চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানো প্রায় অসম্ভব।

সব মিলিয়ে পাঁচ সপ্তাহ স্থগিত থাকবে ব্রিটিশ সংসদের কার্যক্রম। ১৯৪৫ সালের পর এত দীর্ঘ সময় আর দেশটির সংসদ স্থগিত থাকেনি। ব্রিটেনের সংসদীয় গণতন্ত্র নিয়ে কাজ করে ঐতিহ্যবাহী সংগঠন হ্যানসার্ড সোসাইটি।

এর পরিচালক রুথ ফক্স বলেছেন, ব্রেক্সিটের মতো গুরুত্বপূর্ণ একটি ঘটনা ঘটার আগে এত দীর্ঘ সময়ের জন্য সংসদ স্থগিত করে দেওয়াটা গণতন্ত্রের জন্য চরম অপমানজনক। এটা পরিস্কার যে, ব্রেক্সিট নিয়ে সংসদে কোনো ধরনের প্রশ্নের মুখোমুখি হতে চান না জনসন। এ জন্যই তিনি এমন সিদ্ধান্ত নিয়েছেন।

সংসদের নিম্নকক্ষ কমন্সের স্পিকার জন বারকো তীব্র প্রতিক্রিয়া জানিয়ে বলেছেন, গণতান্ত্রিক প্রক্রিয়ার বিরুদ্ধে পদক্ষেপ নিয়ে গুরুতর অপরাধ করেছেন জনসন। আইনজীবীরা বলেছেন, দীর্ঘদিন ধরে সংসদ স্থগিতের নজিরবিহীন এই ঘটনাকে দ্রুত আদালতে চ্যালেঞ্জ জানানোর কোনো বিকল্প নেই।

জিনা মিলার নামের এক ব্রিটিশ অ্যাক্টিভিস্ট এরই মধ্যে জনসনের সিদ্ধান্তকে চ্যালেঞ্জ জানিয়ে সুপ্রিম কোর্টে আবেদন জানিয়েছেন। ইতিমধ্যে সরকারি ওয়েবসাইটে সংসদ স্থগিত না করার জন্য দাখিল করা একটি ই-পিটিশনে দু’দিনেরও কম সময়ে ১৩ লাখের বেশি মানুষ স্বাক্ষর করেছেন।

বুধবার সংসদ স্থগিতের সিদ্ধান্ত আসার পরপরই লন্ডনের ওয়েস্টমিনস্টারে সংসদ ভবনের সামনে বিক্ষোভ করে হাজার হাজার মানুষ। এ সময় তারা ইইউর পতাকা হাতে ‘ক্যু বন্ধ করুন’ বলে স্লোগান দিতে থাকে। পরে এ বিক্ষোভ প্রধানমন্ত্রী বাসভবন ও কার্যালয় ডাউনিং স্ট্রিটেও ছড়িয়ে পড়ে। আগামী সাপ্তাহিক ছুটির দিনে এ বিক্ষোভ আরও ছড়িয়ে পড়বে বলে জানান এক বিক্ষোভকারী।

বুধবার প্রকাশিত এক জরিপে দেখা গেছে, ৪৭ শতাংশ ব্রিটিশ সংসদ স্থগিতের বিষয়টিকে অগ্রহণযোগ্য বলে মনে করে। অন্যদিকে জনসনের সিদ্ধান্তকে স্বাগত জানিয়েছে ২৭ শতাংশ মানুষ এবং সমান সংখ্যক মানুষ সিদ্ধান্ত জানানো থেকে বিরত ছিল।

এই জরিপ থেকে এটাও স্পষ্ট যে, সংখ্যাগরিষ্ঠ মানুষ জনসনের সিদ্ধান্তকে ভালোভাবে নেয়নি। বিশ্বের মানুষ ধ্রুপদী গণতন্ত্রের দেশ হিসেবে ব্রিটেনকে যা মনে করত তা কি আদতে কালো কাপড়ে ঢেকে দিলেন না জনসন?

এমন ঘোলাটে পরিস্থিতিতে কোন দল সংখ্যাগরিষ্ঠতা পাবে, বা আদৌ পাবে কিনা, তার নিশ্চয়তা নেই।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026