শীর্ষবিন্দু নিউজ: ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন ১০ নম্বর ডাউনিং স্ট্রিটের সামনে দেয়া এক ভাষণে এমপিদের হুশিয়ারি দিলেন।

Foreign Policy illustration/Dan Kitwood/ Pier Marco Tacca/Wiktor Szymanowicz/Amer Ghazzal/Barcroft Media/Getty Images
একই ভাষণে তিন এমপিকে হুমকি দিয়ে বলেছেন, কোনোভাবেই নির্দিষ্ট সময়সীমা ৩১ অক্টোবরের পর ব্রেক্সিট হবে না। কোনো এমপি পরিকল্পনায় বাঁধা দিতে চাইলে আগাম নির্বাচন হবে। বিবিসি, সিএনএন, ডেইলি মেইল
হঠাৎ করেই জাতির সামনে দেয়া ওই ভাষণে বরিস বলেছেন, জনগনকে দেয়া প্রতিশ্রুতি পূরণে তিনি বদ্ধ পরিকর। বরিস জোর দিয়ে বলেন, চুক্তি হোক বা নাই হোক যুক্তরাজ্য ৩১ অক্টোবরের মধ্যে ইউরোপীয় ইউনিয়ন ত্যাগ করবেই। এমপিরা বরিসের বিরুদ্ধে একজোট হতে চান।
হুইপ অফিসে দেয়া এক সংবাদের উপর ভিত্তি করেই এই ঘোষণা দিলেন বরিস। এর আগে নিজ দল টোরি পার্টির এমপিদেরও বরখাস্তের হুমকি দিয়েছিলেন এই ব্রিটিশ প্রধানমন্ত্রী । তিনি হুশিয়ারি উচ্চারণ করে বলেছিলেন, তার ব্রেক্সিট পরিকল্পনা যেই আটকে দিতে চেষ্টা করবে তাকে তিনি পার্লামেন্টে থাকতে দেবেন না।
এদিকে হুইপ অফিস সূত্রে জানা গেছে, চলতি সপ্তাহে বরিসের ব্রেক্সিট পরিকল্পনা ঠেকাতে বিরোধী শিবিরে যোগ দিতে পারেন টোরি এমপিরা। বিদ্রোহী এমপিদের সঙ্গে বৈঠকে বসার কথা ছিলো ব্রিটিশ প্রধানমন্ত্রীর। কিন্তু তিনি সেই বৈঠক বাতিল করে দিয়েছেন।
কেনো না চুক্তি ছাড়া যুক্তরাজ্য যাতে ইউরোপীয় ইউনিয়ন থেকে বের না হয় সেজন্য একদল এমপি সংসদে একটি আইন আনতে যাচ্ছেন। তাদের এই উদ্যোগ তখনই সফল হবে, যখন ক্ষমতাসীন কনজারভেটিভ দলের কিছু এমপি সরকারের বিরুদ্ধে ভোট দেন।
চুক্তিহীন ব্রেক্সিট ঠেকানোর জন্য বিরোধী লেবার পার্টির ছায়া মন্ত্রীসভা যখন বৈঠক করতে যাচ্ছে তখন ক্ষমতাসীন দলের এমপিদের এই হুঁশিয়ারি দেয়া হলো।
কনজারভেটিভ হুইপ অফিসের একটি সূত্র বলেছে, মঙ্গলবার তাদের দলের সংসদ সদস্যরা যদি সরকারকে ভোট না দেয়, তাহলে তারা সরকারের দর কষাকষির অবস্থানকে ধ্বংস করবে এবং পার্লামেন্টের নিয়ন্ত্রণ জেরেমি করবিনের হাতে তুলে দেবে।