রবিবার, ২৯ নভেম্বর ২০২৬, ০৫:১৪

ব্রেক্সিট ইস্যুতে মন্ত্রিত্ব ছাড়লেন জো জনসন

ব্রেক্সিট ইস্যুতে মন্ত্রিত্ব ছাড়লেন জো জনসন

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্রেক্সিট ইস্যুতে বেশ চাপে আছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। যেকোনোভাবেই ৩১ অক্টোবর ব্রেক্সিট কার্যকরের ব্যাপারে নিজের অনড় অবস্থানের কথা ব্যক্ত করেছেন প্রধানমন্ত্রী বরিস।

এমনকি এই প্রশ্নে বিরোধিতার কারণে ইতোমধ্যে ২১ জন এমপিকে বরখাস্ত করেছেন তিনি। এর আগে হাউজ অব কমন্সে ভোটাভুটিতে হেরে যান বরিস। এমন অবস্থায় পদত্যাগ করলেন জো জনসন। সিবিএস নিউজ।

ব্রেক্সিট ইস্যু নিয়ে বৃহস্পতিবার টুইট বার্তায় মন্ত্রীর পদ থেকে সরে দাঁড়ানোর কারণ ব্যাখ্যায় জো জনসন বলেন, পারিবারিক বিশ্বস্ততা এবং দেশের স্বার্থের টানাপড়েনে তার অসুবিধা হচ্ছিলো।

জো বলেন, ৯ বছর ধরে তিনজন প্রধানমন্ত্রীর অধীনে মন্ত্রিত্বের দায়িত্ব পালন করেছি। ওরপিংটনের প্রতিনিধিত্ব করে আমি গর্বিত। কিন্তু গত কয়েক সপ্তাহে পারিবারিক বিশ্বস্ততা এবং জাতীয় স্বার্থের সংঘাতে আমি বিপর্যস্ত। যার সমাধান খুঁজে পাওয়া দুষ্কর।

পরে ১০ নং ডাউনিং স্ট্রিটের পক্ষ থেকে জানানো হয়েছে, প্রধানমন্ত্রী বুঝতে পারছেন, রাজনৈতিক নেতা এবং ভাই হিসেবে জো’র পক্ষে এটা খুব সহজ সিদ্ধান্ত ছিলো না। ওরপিংটনের মানুষ জানেন, জো’র মতো যোগ্য প্রতিনিধি পাওয়া কঠিন।

উল্লেখ্য, জো প্রথম থেকেই ইউরোপীয় ইউনিয়ন ছেড়ে বেরিয়ে যাওয়ার বিপক্ষে ছিলেন। ২০১৬ সালের গণভোটে তার ভাই বরিস ছিলেন বিপরীত মেরুতে। জো অবশ্য গত বছরও থেরেসা মে’র মন্ত্রিসভা থেকে সরে দাঁড়ান তার ব্রেক্সিট চুক্তি পছন্দ না হওয়ায়। কিন্তু বরিস প্রধানমন্ত্রী হয়ে ফের তাকে মন্ত্রিসভায় ফেরান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026