শীর্ষবিন্দু নিউজ: টানা তিনবার বৃটিশ পার্লামেন্টে প্রত্যাখ্যাত হয়েছে প্রধানমন্ত্রী বরিস জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব। সর্বশেষ সোমবার রাতে তিনি তার প্রস্তাব পাসে ব্যর্থ হন। তবে এসব প্রত্যাখ্যানে নিরুৎসাহিত হননি তিনি। এ খবর দিয়েছে বিবিসি ও দ্য টাইমস।
ফের শেষবারের মতো চেষ্টা চালানোর কথা রয়েছে তার। এবার ভিন্নপন্থা অবলম্বন করবে জনসন। আগাম নির্বাচন অনুষ্ঠানের জন্য একটি এক-পাতার বিল পাসের চেষ্টা চালাবেন তিনি।
এই বিলটি পাস হওয়ার জন্য পূর্বের তুলনায় কম সংখ্যক এমপি’র ভোট প্রয়োজন হবে তার। এক খবরে বলা হয়, সোমবার রাতে পার্লামেন্টে আগামী ১২ই ডিসেম্বর আগাম নির্বাচন আয়োজনের প্রস্তাব তুলেছিলেন জনসন।
নিম্নকক্ষ হাউজ অব কমন্সে তার প্রস্তাব নিয়ে ভোট হয়। প্রস্তাবটির পক্ষে ভোট দেন ২৯৯ জন ও বিপক্ষে ৭০ জন। কিন্তু ‘ফিক্সড টার্ম পার্লামেন্ট অ্যাক্ট-২০১১’ অনুসারে, আগাম নির্বাচনের জন্য পার্লামেন্টের দুই-তৃতীয়াংশ সদস্যের সমর্থন প্রয়োজন। পার্লামেন্টের মোট সদস্য সংখ্যা ৬৫০ জন। সোমবারের ভোটে অংশ নেয়নি প্রধান বিরোধী দল লেবার পার্টি সহ স্কটিশ ন্যাশনাল পার্টি (এসএনপি) ও ডেমোক্রেটিক ইউনিয়নিস্ট পার্টি।
জনসন বলেছেন, মঙ্গলবার ফের আগাম নির্বাচনের প্রস্তাব তুলবেন তিনি। প্রয়োজনে ১২ই ডিসেম্বরের বদলে ১১ই ডিসেম্বর নির্বাচন আয়োজন করতেও আপত্তি নেই তার। মঙ্গলবারের বিলটি পার্লামেন্টে পাস হতে শুধুই সংখ্যাগরিষ্ঠদের সমর্থন প্রয়োজন হবে। দুই-তৃতীয়াংশের অনুমোদন লাগবে না। তবে সেজন্যও এসএনপি ও ডিইউপি’র সমর্থন লাগবে জনসনের।
তিনি বলেন, এই অচলাবস্থা চলতে পারে না। প্রধানমন্ত্রীর কার্যালয় থেকে বলা হয়েছে, আপাতত সরকারের ব্রেক্সিট চুক্তি পাস করানো নিয়ে সকল চেষ্টা বন্ধ রাখা হবে। কিন্তু লেবার পার্টি জানিয়েছে, চুক্তিহীন ব্রেক্সিট নিষিদ্ধ হওয়ার আগে কোনো নির্বাচনে সমর্থন জানাবে না তারা।
প্রসঙ্গত, সোমবার বৃটেনের পক্ষ থেকে করা অনুরোধে সায় দিয়ে ব্রেক্সিট কার্যকরের সময়সীমা পিছিয়ে ৩১শে জানুয়ারি ঠিক করেছে ইউরোপিয়ান ইউনিয়ন। জনসন এই সিদ্ধান্ত মেনে নিয়েছেন ও ৩১শে অক্টোবরের মধ্যে ব্রেক্সিট কার্যকর করার চেষ্টা স্থগিত রেখেছেন।
এদিকে, আগাম নির্বাচন নিয়ে বৃটেনের রাজনীতিতে জটিলতা বাড়ছে। জনসন ছাড়া বিরোধী দল এসএনপি ও লিবারেল ডেমোক্রেট আগামী ৯ই ডিসেম্বর নির্বাচন আয়োজনের আহ্বান জানিয়েছেন।
জনসনের আগাম নির্বাচনের প্রস্তাব নিয়ে হাউজ অব কমন্সের নেতা জ্যাকব রিজ-মগ বলেছেন, বিলটি মঙ্গলবার পার্লামেন্টে সব রকম বিতর্কের জন্য উত্থাপন করা হবে। সব দিক নিয়ে বিতর্ক হবে। সাধারণত কোনো বিল পাস করাতে হলে তা নিয়ে কয়েকদিন বিতর্ক হতে হয়।
কিন্তু এক্ষেত্রে সময় খুব সংক্ষিপ্ত। তাই যদি বিলটি হাউজ অব কমন্সে পাস হয় তাহলে তা আইনে পরিণত করতে হাউজ অব লর্ডসে পাস করাতে হবে।