শুক্রবার, ২৭ নভেম্বর ২০২৬, ০১:০৩

৪৮ বছর পর ফেসবুকের কল্যাণে নিজের পরিবারকে খুঁজে পেলেন হাবিবুর রহমান

৪৮ বছর পর ফেসবুকের কল্যাণে নিজের পরিবারকে খুঁজে পেলেন হাবিবুর রহমান

শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: ব্যবসায়ের কাজে বাড়ি থেকে বের হয়েছিলে হাবিবুর রহমান। আর ফেরা হয়নি বাড়ি। এভাবেই কেটে গেছে ৪৮ বছর।

অবশেষে খুঁজে পেলেন ফেসবুকের কল্যাণে, সামাজিক যোগাযোগ মাধ্যম যে ভালো কাজে ব্যবহার করলে তার ফল ভালো হয় তা হাবিবুরের ঘটনা দেখলেই উপলব্ধী করা যায়। ফেসবুকের কল্যাণে দীর্ঘ ৪৮ বছর পর নিজের পরিবারকে খুঁজে পেলেন নিখোঁজ থাকা হাবিবুর। এত বছর পর হারানো স্বজনকে ফিরে পেয়ে পরিবারে বইছে খুশির বন্যা।

পরিবার সূত্রে জানা গেছে, হাবিবুর রহমান রড সিমেন্টের ব্যবসা করতেন। ১৯৭২ সালের প্রথম দিকে তিনি বাড়ি থেকে চট্টগ্রামের উদ্দেশে বের হন ব্যবসায়িক কাজে। এরপর আর বাড়িতে ফেরেননি তিনি। পরিবারের লোকজন অনেক খোঁজার পরও তার সন্ধান পায়নি। তার চার ছেলের মধ্যে দু’জন থাকেন লন্ডনে। ফেসবুকে এক ভিডিওর মাধ্যমে ১৭ জানুয়ারি বিকেলে হাবিবুর রহমানকে ফিরে পান সন্তানরা।

হাবিবুর রহমানের নাতি কেফায়েত হোসেন বলেন, ‘দাদাকে পেয়ে অনেক খুশি। ছোটবেলা থেকে বাবা চাচাদের কাছে দাদার অনেক গল্প শুনছি। মনে আশা ছিল দাদাকে একদিন ফিরে পাবে। আজ আমাদের সবার আশা পূরণ হয়েছে।’

প্রায় ২৫ বছর ধরে হাবিবুর রহমান মৌলভীবাজারের শাহাবুদ্দিন মাজার এলাকায় বসবাস করতেন। মানসিকভাবে তিনি অনেকটা ভারসাম্যহীন ছিলেন। গত ১২ বছর ধরে শাহাবুদ্দিন মাজারের পাশের রায়েশ্রী গ্রামের রাজিয়া বেগম (৫০) নামে এক নারী হাবিবুর রহমানকে দেখাশোনা করতেন।

রাজিয়া জানান, ২২ দিন আগে বৃদ্ধ হাবিবুর রহমানের হাত ভেঙে যায়। প্রথমে তাকে মৌলভীবাজার সদর হাসপাতালে এবং পরে সেখান থেকে সিলেট ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালে নিয়ে আসেন তিনি। সেখানে কথা প্রসঙ্গে পাশের শয্যার রোগীর স্বজনদের হাবিবুর রহমানের কাহিনী জানান রাজিয়া। ওই স্বজনদের বাড়িও বিয়ানীবাজার উপজেলায়। তারা হাবিবুর রহমানের একটি ভিডিও ফেসবুকে আপলোড করেন এবং তা ভাইরাল হয়ে যায়।

ভিডিওতে দেয়া হাবিবুর রহমানের ছবি এবং জীবনের অনেক গল্পের মিল দেখে আমেরিকা থেকে বিয়ানীবাজারের এক ব্যক্তি ওই ভিডিও হাবিবুর রহমানের পরিবারের কাছে পাঠান ১৬ জানুয়ারি বৃহস্পতিবার রাতে। ছবি এবং ভিডিওর মিল দেখে তার ছেলেরা শুক্রবার দিনে চলে আসেন সিলেট ওসমানী হাসপাতালে। দুই ছেলে শাহাব উদ্দিন ও জালাল উদ্দিন কথাবার্তা বলে চিনতে পারেন তাদের হারানো বাবাকে। হাবিবুর রহমানও তখন নিজের বাড়ির ঠিকানা বলেন।

বাবাকে পেয়ে আবেগঘন এক পরিবেশের সৃষ্টি হয়। তারা ওসমানী হাসপাতাল থেকে বাবাকে নিয়ে আসেন নগরীর আল হারামাইন হাসপাতালে। সাথে বাবাকে দেখাশোনা করা রাজিয়া বেগমকেও নিয়ে আসেন। তাকেও হাবিবুর রহমানের সন্তানরা চিকিৎসা করাচ্ছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026