মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ০৯:২৯

জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি

জাতিসংঘের সহায়তা চাইলেন পররাষ্ট্রমন্ত্রী দিপু মনি

শীর্ষবিন্দু নিউজ: ঢাকায় জাতিসংঘ দিবসের অনুষ্ঠানে পররাষ্ট্রমন্ত্রী ডা. দীপু মনি আশা প্রকাশ করেছেন দেশের রাজনৈতিক সঙ্কট নিয়ে প্রধান রাজনৈতিক দলগুলোর মধ্যে সংলাপ ও সমঝোতা হবে। অতীতের রেকর্ড অনুযায়ী আগামী বছরের শুরুর দিকে দেশে সব দলের অংশগ্রহণে অবাধ, সুষ্ঠু ও শান্তিপূর্ণভাবে জাতীয় সংসদ নির্বাচন অনুষ্ঠিত হবে। এটি দেশের গণতন্ত্রের জন্য ‘মাইলফলক’ হবে বলেও মন্তব্য করেন তিনি।

রাজধানীর শেরে বাংলা নগরস্থ বঙ্গবন্ধু আন্তর্জাতিক সম্মেলন কেন্দ্রে বাংলাদেশে জাতিসংঘের অধীন প্রতিষ্ঠানগুলো (ইউএন কান্ট্রি টিম) সম্মিলিতভাবে অনুষ্ঠানটির আয়োজন করে। বিকাল ৩টা থেকে সন্ধ্যা অবধি অনুষ্ঠিত বর্ণাঢ্য ওই আয়োজনে প্রধান অতিথি ছিলেন পররাষ্ট্রমন্ত্রী।

বিশ্বস্ত সহযোগী হিসেবে জাতিসংঘ বাংলাদেশের এবারের নির্বাচনেও বরাবরের মতো সব ধরনের সহযোগিতা দেবে, বিশেষত নির্বাচন পর্যবেক্ষক পাঠাবে বলে আশা করেন পররাষ্ট্রমন্ত্রী।  অনুষ্ঠানে বিশেষ অতিথির বক্তৃতা করেন বিশ্ব সাহিত্য কেন্দ্রের চেয়ারম্যান প্রফেসর অবদুল্লাহ আবু সায়ীদ। ঢাকাস্থ জাতিসংঘের আবাসিক প্রতিনিধি (দায়িত্বপ্রাপ্ত) তুষারা ফার্নান্দো-র স্বাগত বক্তৃতার মধ্য দিয়ে শুরু হওয়া অনুষ্ঠানে যুব সমাজের প্রতিনিধি হিসেবে বক্তৃতা করেন জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ের নৃ-বিজ্ঞানী জুনানজিনা আহমেদ তৃণা, ইউএনআইসি’র অফিসার ইন চার্জ কাজী আলী রেজা প্রমুখ।

জাতিসংঘ দিবসের এবারের মূল ফোকাস বৈশ্বিক উন্নয়নে তরুণদের অংশগ্রহণ। এ প্রসঙ্গে প্রধান অতিথি পররাষ্ট্রমন্ত্রী ভাষা আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধসহ দেশের সব গণতান্ত্রিক আন্দোলনে তরুণদের অবদানের কথা স্মরণ করেন। মহাজোট সরকারের আমলে তরুণ ও যুব সমাজের উন্নয়নে গৃহীত পদক্ষেপগুলোর তুলে ধরেন মন্ত্রী।

প্রফেসর আবদুল্লাহ আবু সায়ীদ তার বক্তৃতায় বলেন, প্রত্যেক তরুণ ও যুবকের মনে স্বপ্ন আছে। তাদের সেই স্বপ্নের সমান বড় হওয়ার চেষ্টা করতে হবে। এভারেস্ট জয়ী নারী নিশাতের উদাহরণ দিয়ে তিনি বলেন, মেয়েটি মনের জোরে পর্বত জয় করতে পেরেছে। আপনাদের (তরুণ-যুবক) মনের ভেতরে যে পর্বত রয়েছে, সেটা জয় করতে হবে। এভাবেই একটি সমাজ, জাতি ও বিশ্ব এগিয়ে যাবে।

অনুষ্ঠানে ঢাকাস্থ বিভিন্ন দূতাবাস ও হাইকমিশনের প্রধান ও প্রতিনিধিরা অংশ নেন। ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের ড্রামা ও থিয়েটার ফোরামের আয়োজনে দিবসটি স্মরণে সন্ধ্যায় সেখানে মনোজ্ঞ সাংস্কৃতিক অনুষ্ঠান অনুষ্ঠিত হয়। হলরুমের পাশে বাংলাদেশে জাতিসংঘের কার্যক্রম নিয়ে চিত্র প্রদর্শনীরও আয়োজন করে জাতিসংঘ টিম।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026