শীর্ষবিন্দু নিউজ: বিশ্বব্যাপী করোনা ভাইরাসের প্রকোপ বেড়েই চলেছে। যুক্তরাষ্ট্রের মৃতের সংখ্যা বেড়ে ১৬ জনে দাঁড়িয়েছে, ইতালিতে ১৯৭ জন। ব্রিটেনে এ পর্যন্ত দু’জনের মৃত্যু হয়েছে। আক্রান্ত হয়েছেন ১৬৩ জন।
চীন, হংকং এবং দক্ষিণ কোরিয়া থেকে বিপুল সংখ্যক শিক্ষার্থী যুক্তরাজ্যে পড়তে আসেন। বিশ্বব্যাপী করোনা ভাইরাস ছড়িয়ে পড়ার পর, বিমানবন্দরসহ বিভিন্ন স্থানে সতর্কতামূলক ব্যবস্থা নেয় ব্রিটিশ কর্তৃপক্ষ।
কিন্তু শেষ রক্ষা হয়নি। রাজধানী লন্ডনসহ বিভিন্ন স্থানে এরই মধ্যে করোনা প্রাদুর্ভাব দেখা দিয়েছে। এক কর্মী আক্রান্ত হওয়ার পর লন্ডন অফিস বন্ধ ঘোষণা করেছে ফেসবুক কর্তৃপক্ষ।
কর্তৃপক্ষ বলছে, পরিস্থিতি আরো খারাপ হলে বন্ধ করে দেয়া হবে শিক্ষা প্রতিষ্ঠান। সতর্কতা অবলম্বনে সাধারণ মানুষের প্রতি আহ্বান জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। সেই সঙ্গে করোনা গবেষণায় প্রায় ছয় কোটি ডলারের প্যাকেজ ঘোষণা করেন তিনি।
এমন পরিস্থিতিতে আতঙ্কিত ব্রিটিশ নাগরিকসহ প্রবাসী বাংলাদেশিরা। মহামারি আকারে ছড়িয়ে পড়ার আশঙ্কায় আতঙ্কিত নাগরিকরা খাদ্যদ্রব্য মজুত করতে শুরু করেছেন। ব্রিটিশদের পাশাপাশি আতঙ্কিত প্রবাসী বাংলাদেশিরাও।