শীর্ষবিন্দু নিউজ: যুক্তরাজ্যে করোনাভাইরাস মহামারি এখন সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এরপর থেকে এই পরিস্থিতির উন্নতি ঘটতে থাকলেও, নতুন করে ফের সংক্রমণ ছড়াতে পারে। আর সেজন্য অন্তত এই বছরের শেষ পর্যন্ত সামাজিক দূরত্ব বজায় রাখতে হতে পারে দেশটিতে। বৃটিশ সরকারের প্রধান স্বাস্থ্য কর্মকর্তা এমনটা বলেছেন। এ খবর দিয়েছে গার্ডিয়ান।
যুক্তরাজ্যের সর্বজ্যেষ্ঠ স্বাস্থ্য কর্মকর্তা অধ্যাপক ক্রিস হুইটি বলেন, এ নিয়ে বাস্তববাদী হওয়া অত্যন্ত গুরুত্বপূর্ণ যে সামাজিক দূরত্ব বেশ দীর্ঘ সময় ধরেই বজায় রাখতে হবে। তিনি বলেন, এই বছর এই রোগের ভ্যাকসিন বা চিকিৎসা প্রস্তুত হওয়ার সম্ভাবনা একেবারেই ক্ষিণ। তাই ভ্যাকসিন বা চিকিৎসা পাওয়ার আগ পর্যন্ত রোগের প্রাদুর্ভাবকে ঠেকিয়ে রাখতে হলে সামাজিক দূরত্ব বহাল রাখতে হবে।
গার্ডিয়ানের খবরে বলা হয়, এক পক্ষকাল পরেই এই মহামারির অবস্থা ভালোর দিকে গেলে, অনেকেই ধারণা করছিলেন যে লকডাউন অনেকটাই প্রত্যাহার করে ফেলা হবে। কিন্তু সেই আশায় জল ঢেলে দিয়েছে ক্রিস হুইটির এই পূর্বাভাস। তিনি বলেন, আমাদেরকে এখন অত্যন্ত বাস্তববাদী হতে হবে।
মানুষ যদি ভেবে থাকে আমরা লকডাউন থেকে অকস্মাৎ আগের অবস্থায় ফিরে যাবো, তাহলে সেটি অত্যন্ত অবাস্তব প্রত্যাশা। তিনি আরও বলেন, বেশ অনেকদিন ধরেই আমাদের অনেক অনেক কিছু করে যেতে হবে। প্রশ্ন হলো সর্বোত্তম পন্থা কী। আমরা সেটিই বের করার চেষ্টা করছি।
এর আগে স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানককের একটি মন্তব্য থেকে আশা জেগেছিল যে লকডাউন হয়তো শিগগিরই শেষ হচ্ছে। সম্প্রতি হাউজ অব কমন্সে এক বিতর্কে স্বাস্থ্যমন্ত্রী বলেন, এই মুহূর্তে যুক্তরাজ্যে ভাইরাসের সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে রয়েছে। এই মন্তব্যের পর গুঞ্জন ছড়িয়ে যায় যে, সংক্রমণ সর্বোচ্চ পর্যায়ে উঠে যাওয়ার পর ধীরে ধীরে কমতে থাকে। ফলে লকডাউনও হয়তো অবসান হচ্ছে শিগগির।
কিন্তু প্রধানমন্ত্রী বরিস জনসনের অনুপস্থিতিতে তার দায়িত্ব পালন করে যাওয়া ডমিনিক রাব অবশ্য আরও সতর্ক আচরণ করেছেন। প্রধানমন্ত্রীর কার্যালয়ের দৈনিক সংবাদ সম্মেলনে তিনি বলেন, আমরা সবে সর্বোচ্চ পর্যায় শুরু করেছি। সর্বোচ্চ পর্যায়ের শেষ প্রান্তে এখনও যাইনি।
তবে ডমিনিক রাবের পাশে দাঁড়িয়ে অধ্যাপক হুইটি স্পষ্ট করে দিলেন যে, বর্তমান সর্বোচ্চ পর্যায় থেকে সংক্রমণ সহনীয় মাত্রায় নেমে যেতে অনেক সময় লাগবে। তাকে জিজ্ঞেস করা হয়েছিল কখন থেকে লকডাউনের তীব্রতা কমে যেতে পারে। কিন্তু এ প্রশ্নের সরাসরি উত্তর দিতে রাজি হননি তিনি।
তিনি বলেন, শেষ পর্যন্ত এই অবস্থা থেকে পরিত্রানের উপায় হলো দু’টি। এক হলো ভ্যাকসিন। এটি পাওয়া গেলে প্রয়োগ করা যেতে পারে নানা উপায়ে। দ্বিতীয় উপায় হলো, খুবই কার্যকরি কোনো ওষুধ, যা সেবন করলে মানুষ এই রোগে আক্রান্ত হলেও হয়তো মরবে না।
এসব পাওয়ার আগ পর্যন্ত আমাদেরকে এসব সামাজিক দূরত্ব কর্মসূচির ওপরই নির্ভর করতে হবে। আর ভ্যাকসিন বা ওষুধ এই বছরের মধ্যে পাওয়ার সম্ভাবনা অত্যন্ত ক্ষীণ। আমার মনে হয় এ ব্যাপারে আমাদের আরও বাস্তবসম্মত চিন্তা করা উচিৎ।
এদিকে শাসক কনজারভেটিভ দলের এমপিদের মধ্যে বিবাদ ক্রমেই বাড়ছে। একদল লকডাউনের পক্ষে। আরেকদল ব্যবসা-বাণিজ্য ও মানুষের জীবিকার ওপর লকডাউনের প্রভাব নিয়ে চিন্তিত। বুধবার দলের পেছনের সারির এমপিদের একটি গ্রুপ অনলাইন আলোচনায় মিলিত হয়। সেখানে অনেকেই মে মাসের শুরুর দিকে লকডাউন বন্ধের ইচ্ছা পোষণ করেন।