শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বৃটেনে কোভিড নাইন্টিনের উপসর্গ নিয়ে শিশুদের প্রাণহানির মতো ঘটনার খবর পাওয়া যাচ্ছে। এখন পর্যন্ত করোনা ভাইরাসের কারণে শিশুদের তুলনামূলক কম ঝুকিপূর্ন মনে হত।
তবে রহস্যময় এক রোগে ইতালি, বৃটেন ও স্পেনে শিশুদের মৃত্যুর ঘটনা ঘটতে শুরু করেছে। ফলে তাদেরকে নিয়েও এখন নতুন করে উদ্বেগ দেখা দিচ্ছে দেশগুলোতে। এসব রোগে মৃত্যুর পূর্বে যেসব উপসর্গ দেখা যাচ্ছে তা কোভিড নাইন্টিনের সঙ্গে পুরোপুরি মিল রয়েছে।
গবেষকরা বিশ্বাস করছেন যে, এসব অস্বাভাবিক মৃত্যু কোভিড নাইন্টিন মহামারির সঙ্গে সম্পর্কিত। দেশটির স্বাস্থ্যমন্ত্রী ম্যাট হ্যানকক মঙ্গলবার এ কথা জানান। এ নিয়ে বৃটিশ স্বাস্থ্যমন্ত্রী বলেন, আমাদের ধারণা, এটি একটি নতুন ধরণের রোগ যা করোনা ভাইরাসের কারণেই হচ্ছে। আমরা এখনো শতভাগ নিশ্চিত নই। আমাদের গবেষণা চলছে। আমরা শুধু জানাতে চাই যে আমরা বিষয়টি নিয়ে চিন্তিত।
খবরে বলা হয়, ইতালি ও বৃটেনে সম্প্রতি উচ্চ জ্বর ও গলার ব্যাথা নিয়ে প্রচুর শিশু হাসপাতালে ভর্তি হচ্ছে। তাদের মধ্যে বেশ কিছু প্রাণহানিও হয়েছে। বিশেষজ্ঞরা এসব মৃত্যুর সঙ্গে কোভিড নাইন্টিন মহামারির সম্পর্ক নিশ্চিত হওয়ার চেষ্টা করছেন। এসব শিশুর অন্য কোনো ধরণের শারীরিক সমস্যাও ছিল না। এছাড়া এশিয়ায় বেশি হওয়া কাওয়াসাকি রোগেও শিশু মৃত্যুর ঘটনা বাড়ছে ইউরোপের দেশগুলোতে।