শীর্ষবিন্দু নিউজ: বিএনপি-জাময়াতের নৈরাজ্যের প্রতিবাদের আগামী ১ নভেম্বর ঢাকাসহ দেশব্যাপী সভা-সমাবেশ করবে ১৪ দল। সোমবার দুপুরে আওয়ামী লীগ সভাপতি ও প্রধানমন্ত্রী শেখ হাসিনার রাজনৈতিক কার্যালয়ে ১৪ দলের বৈঠক শেষে সাংবাদিকদের এ কথা জানান আওয়ামী লীগের সভাপতি মন্ডলীর সদস্য ও ১৪ দলের সমন্বয়ক মোহাম্মদ নাসিম।
আয়োজিত এই বৈঠকে সাম্যবাদী দলের সাধারণ সম্পাদক দিলীপ বড়ুয়ার সভাপতিত্বে এতে আরো উপস্থিত ছিলেন আওয়ামী লীগের যুগ্ম সাধারণ সম্পাদক মাহব-উল আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক, সাংগঠনিক সম্পাদক খালিদ মাহমুদ চৌধুরী, দেওয়ান শফিউল আরেফিন, এনামুল হক শামীম, ফজলে হোসেন বাদশা, শরীফ নুরুল আম্বিয়া, এসকে শিকদার, অসীম কুমার উকিল, সুজিত রায় নন্দী।
এ সময় নাসিম অভিযোগ করে বলেন, বিরোধী দলীয় নেত্রী সংলাপ চান না, ৭১-এর ঘাতকদের বাঁচাতে তিনি নৈরাজ্য শুরু করেছে। ৭১ এর ঘাতকদের রক্ষা করতে বিরোধী দলীয় নেত্রী প্রধানমন্ত্রীর আহ্বানে সাড়া না দিয়ে আন্দোলনের পথ বেছে নিয়েছেন। তিনি প্রকাশ্যে রগকাটা, বোমাবাজি ও নৈরাজ্য করছেন। আর এর প্রতিবাদে বিএনপি-জাময়াতের নৈরাজ্যের প্রতিবাদের ১ নভেম্বর সারাদেশে সভা সমাবেশ করবে ১৪ দল।
আওয়ামী লীগের এ প্রেসিডিয়াম সদস্য অভিযোগ করে বলেন, গত দুই দিনে কীভাবে বোমাবাজি, আওয়ামী লীগ কর্মীদের হত্যা করছে। যা এখনো চলছে। এর থেকে আইনজীবী, বিচারপতি এবং সাংবাদিকসহ কেউই বাদ যায়নি। এখনও অনেক সাংবাদিক বন্ধুরা মৃত্যুর সাথে পাঞ্জা লড়ছে। তিনি আরো বলেন, সোহরাওয়ার্দীতে বেগম খালেদা জিয়ার বক্তব্যে বলেছেন সময়ের মধ্যে যদি সংলাপের উদ্যোগ নেন তবে হরতাল দেওয়া হবে না। যা সারা দেশবাসী শুনেছে। কিন্তু তারা এ বক্তব্য থেকে সরে এসে তিন দিনের যন্ত্রণাদায়ক ও কষ্টদায়ক হরতাল করছেন।
জামায়াত প্রসঙ্গে তিনি বলেন, আমন্ত্রণ জানানো হয়েছে শুধু বিএনপিকে, জামায়াতকে সঙ্গে আনলে আলোচনার প্রশ্নই উঠে না। তিনি বলেন, আজকের (সোমবার) মধ্যে বিরোধী দল গণভবনে সংলাপে না আসলে পরবর্তীতে সংলাপের ব্যাপারে বেগম খালেদা জিয়াকেই উদ্যোগ নিতে হবে।
বিএনপির ভারপ্রাপ্ত মহাসচিব মির্জা ফখরুল ইসলাম আলমগীরের গুলি বর্ষণ বন্ধের আহবান জানানোর পর আওয়ামী লীগের প্রেসিডিয়াম সদস্য মোহাম্মদ নাসিম ১৮ দলের প্রতি পাল্টা আহ্বান জানিয়ে বলেন, আপনারা বোমাবাজি বন্ধ করুন। দেশব্যাপী হরতালে বোমা হামলায় আহতদের বিবরণ তুলে ধরে তিনি বলেন, আমরা এ ধরণের বোমা হামলার তীব্র প্রতিবাদ জানাই। তিনি আরো বলেন, গণতন্ত্রের প্রতি বিরোধী দলীয় নেতার আস্থা নেই। এ জন্য বিরোধী দলের আন্দোলন প্রতিরোধে আগামীতে স্বাধীনতার পক্ষের সকল শক্তিকে ঐক্যবদ্ধভাবে এগিয়ে আসার আহ্বান জানাচ্ছি।