শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা রোগীদের সেবা দিতে গিয়ে এ পর্যন্ত অর্ধ শতাধিক বিদেশী ন্যাশনাল হেলথ সার্ভিসের (এনএইচএস) স্টাফ ও কেয়ার ওয়ার্কার মারা গেছেন।
ব্রিটিশ সরকার জানিয়েছে, করোনাভাইরাসে আক্রান্তদের সেবা করতে গিয়ে করোনায় সংক্রমিত হয়ে মৃত্যুবরণকারী বিদেশী ডাক্তার ও কেয়ার ওয়ার্কারদের পরিবারের সদস্য বা তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের যুক্তরাজ্যে স্থায়ী বসবাসের অনুমতি দেয়া হবে।
জানা যায়, ওই স্টাফদের ছিলো না ব্রিটেনে স্থায়ী বাসের অনুমতি। মারা যাওয়া ওই কর্মীদের পরিবারের সদস্য বা তাদের উপর নির্ভরশীল ব্যক্তিদের ব্রিটেনে বিনা খরচে ইন্ডেফিনিট লিভ টু রিমেইন (স্থায়ী বাস) দেবার প্রস্তাব দিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল। স্বরাষ্ট্রমন্ত্রীর এই প্রস্তাব তাৎক্ষণিকভাবে কার্যকর হবে বলেও হোম অফিসের এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয়েছে।
স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল বলেছেন, প্রত্যেক মৃত্যুই মর্মান্তিক। করোনার ভয়াবহতা থেকে অন্যদের জীবন রক্ষা করতে এনএইচএস স্টাফ এবং কেয়ার ওয়ার্কাদেরও মর্মান্তিকভাবে মৃত্যুবরণ করতে হয়েছে। তাদের ত্যাগ অবশ্যই স্মরণীয় হয়ে থাকবে।
স্বরাষ্ট্রমন্ত্রী আরো বলেন, গত এপ্রিলে বিদেশী এনএইচএস স্টাফ এবং কেয়ারওয়ার্কারদের বিশেষ সুযোগ দিয়ে দ্য বির্যাভমেন্ট স্কীমের ঘোষণা দিয়েছিলাম। তখনি বলেছিলাম তাদের জন্যে আরো কিছু করা যায় কি না, তা ভেবে দেখা হচ্ছে। আজকের ইন্ডেফিনিট লিভ টু রিমেইন প্রস্তাব সেই স্কিমেরই অংশ।