নিউজ ডেস্ক: সারা দেশের ন্যায় সুনামগঞ্জ জেলায়ও করোনার ভয়াল থাবায় বিপর্যস্থ হয়ে ওঠেছে এখন জনজীবন। প্রতিদিন বাড়ছে আক্রান্তের সংখ্যা। জেলায় এ পর্যন্ত ২৭০ জন করোনায় আক্রান্ত হয়েছেন। তন্মধ্যে ২ জনের প্রাণহানি ঘটেছে এবং ৭৬ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন। বর্তমানে ১৯২ জন কোভিড-১৯ এ আক্রান্ত হয়ে আইসোলেশনে রয়েছেন।
সম্প্রতি লকডাউন শিথিল করায় জেলার প্রায় প্রতিটি উপজেলায় করোনা আক্রান্তের সংখ্যা দিন দিন বৃদ্বি পাচ্ছে। এ পরিস্থিতি অব্যাহত থাকলে সুনামগঞ্জে করোনা পরিস্থিতি আরও ভয়ানক হতে পারে বলে ধারণা করছেন সচেতন মহল। সংশ্লিষ্টরা মনে করছেন, আবারও জেলাকে পুরোপুরি লকডাউন করা ছাড়া বিকল্প কিছু নেই। নতুবা ক্রমেই সুনামগঞ্জ জেলা করোনার হটস্পট হয়ে যেতে পারে বলেও মনে করা হচ্ছে। সামাজিক যোগাযোগ মাধ্যমে করোনা প্রাদুর্ভাব ঠেকাতে কেবল লকডাউনই নয় এ জেলায় দ্রুত কারফিউ জারির কথাও বলছেন অনেকে।
জেলা সিভিল সার্জন অফিস ও জেলা প্রশাসন সূত্র নিশ্চিত করেছে, জেলার সদর উপজেলায় করোনা আক্রান্ত হয়েছেন ৯৪ জন, সুস্থ হয়েছেন ৪ জন এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ৯০ জন।
ছাতক উপজেলায় এ পর্যন্ত মরণব্যাধি করোনায় আক্রান্ত হয়েছেন ৫১ জন। তন্মধ্যে করোনাযুদ্ধে মৃত্যুবরণ করেছেন ২ জন এবং চিকিৎসা নিয়ে সুস্থ হয়েছেন ৬জন, বর্তমানে আইসোলেশনে আছেন ৪৩ জন। দোয়ারাবাজার উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ২৪ জন, তন্মধ্যে সুস্থ হয়েছেন ৫ জন এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ১৯ জন।
জগন্নাথপুর উপজেলায় এ পর্যন্ত করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন, তন্মধ্যে সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৬জন এবং আইসোলেশনে রয়েছেন ১১ জন। ধর্মপাশা উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৭ জন, তন্মধ্যে সুস্থ হয়েছেন ১৪ জন, বর্তমানে নিবিড় পর্যবেক্ষণে চিকিৎসাধীন রয়েছেন ৩ জন। তাহিরপুর উপজেলায় আক্রান্তের সংখ্যা ১৪ জন। তন্মধ্যে ৭ জন সুস্থ হয়েছেন এবং ৭ জন আইসোলেশনে রয়েছেন।
দক্ষিণ সুনামগঞ্জ উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ১৪ জন, ৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং ৫জন বর্তমানে আইসোলেশনে রয়েছেন। বিশ্বম্ভরপুর উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১৩ জন, সুস্থ হয়েছেন ৬ জন এবং আইসোলেশনে আছেন ৭ জন। শাল্লা উপজেলায় করোনায় আক্রান্ত হয়েছেন ১১ জন, তন্মধ্যে ৯জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন এবং বর্তমানে আইসোলেশনে রয়েছেন ২ জন। দিরাই উপজেলায় এ পর্যন্ত আক্রান্ত হয়েছেন ৭ জন সুস্থ হয়ে বাড়ি ফিরেছেন ৭ জন।
সুনামগঞ্জ জেলায় মরণব্যাধি করোনার থাবা ক্রমেই বৃদ্ধি করার ফলে এ পর্যন্ত করোনা আক্রান্তের সংখ্যার দিক থেকে জেলা সদরই বেশি শনাক্ত হয়েছে। কোভিড-১৯ আক্রান্তের সংখ্যার দিক থেকে করোনা হটস্পট হিসেবে জেলার ছাতক উপজেলা দ্বিতীয় এবং দোয়ারাবাজার উপজেলা রয়েছে তৃতীয় স্থানে। কেননা এ পর্যন্ত জেলার সদর উপজেলাসহ ছাতক ও দোয়ারাবাজার উপজেলায় প্রতিনিয়ত আক্রান্তের সংখ্যা বেড়েই চলেছে।