বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:৫২

গণমানুষের বন্ধু হয়ে ওঠা একজন কিংবদন্তি কামরান

গণমানুষের বন্ধু হয়ে ওঠা একজন কিংবদন্তি কামরান

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট নগরের ছড়ারপাড়ের বাসিন্দা এক দুরন্ত বালকের জীবনে ছিলো নানা বাকঁ। পরবর্তীতে সিলেটের রাজনীতিতে কিংবদন্তি হয়ে উঠা একজন বদর উদ্দিন আহমদ কামরান। ছিলো না কোনো অহংকার। সবাইকে সমান চোখে দেখতেন।

সিলেট নগরের সেই দুরন্ত বালক কামরানের ৩৩ বছরের জনপ্রতিনিধি জীবনে ছিলো নানা চড়াই-উৎরাই। জেলের গ্লানিও টানেন। জেলে থাকা অবস্থায়ই ২০০৮ সালে মারা যান মা। এরপর পরপর দুই দফা সিটি করপোরেশনের প্রিয় মসনদও হাতছাড়া হয়।

এরপরও তার ছিলো না কোনো আফসোস। জনগন তো ছিলো পাশে। মানুষই তার সব। কামরানের বাসার ড্রয়িং রুম সব সময় ছিলো সরব। মেয়র না হলেও তাকে একজন মেয়রের মতই ব্যস্ত থাকতে হতো সকাল থেকে রাত অবধি। সেই কামরান এক দিনে হয়ে উঠেননি। পেছনে রয়েছেন বর্ণিল ইতিহাস। সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার নির্বাচিত হয়ে তাক লাগিয়ে দিয়েছিলেন কামরান।

এরপর থেকেই রাজনীতিতে তার উত্থান পর্ব শুরু। ১৯৬৯ এর উত্তাল সময়ে রাজনীতিতে হাতেখড়ি কামরানের। ৭২ সালে উচ্চ মাধ্যমিকের ছাত্র থাকা অবস্থায় সিলেট পৌরসভার সর্বকনিষ্ঠ কমিশনার হয়ে চমক দেখান তিনি। সেই থেকেই সিলেট পৌরসভার অবিচ্ছেদ্য অংশ হয়ে পড়েন। টানা ১৫ বছর ছিলেন পৌরসভার কমিশনার। মাঝখানে প্রবাসে থাকায় একবার নির্বাচন থেকে বিরত ছিলেন। ফিরে এসে ১৯৯৫ সালে পৌরসভার চেয়ারম্যান নির্বাচিত হন। ২০০২ সালে সিলেট সিটি করপোরেশন হলে ভারপ্রাপ্ত মেয়রের দায়িত্ব পান কামরান। ২০০৩ সালে নির্বাচন অনুষ্ঠিত হলে সিলেট সিটি করপোরেশনের প্রথম মেয়র নির্বাচিত হয়ে ইতিহাস সৃষ্টি করেন তিনি। ওয়ান ইলেভেনের সময় দুই বার কারাবরণ করতে হয় এই নেতাকে। ২০০৮ সালে কারাগারে থাকা অবস্থায় নির্বাচনে লড়ে বিপুল ভোটে মেয়র নির্বাচিত হন।

তবে সর্বশেষ দুটি সিটি নিবর্চাচনে বিএনপির প্রার্থী আরিফুল হক চোধুরীর কাছে হেরে যান তিনি। ১৯৮৯ সালে শহর আওয়ামী লীগের সাধারণ সম্পাদক হিসেবে সিলেটের আওয়ামী রাজনীতির শীর্ষ নেতৃত্বে আসেন বদর উদ্দিন আহমদ কামরান। ১৯৯২ সালে এবং ১৯৯৭ সালে পুনরায় সাধারণ সম্পাদক নির্বাচিত হোন। ২০০২ সালে প্রথমবারের মত সিলেট মহানগর আওয়ামী লীগের সভাপতি নির্বাচিত হন কামরান। ২০০৫ এ সম্মেলনের মাধ্যমে এবং ২০১১ সালে গঠিত কমিটিতে মহানগর আওয়ামী লীগের পুনরায় সভাপতির দায়িত্ব পান। দীর্ঘ তিন দশক সিলেটের রাজনীতিতে নেতৃত্ব দিয়েছেন বদর উদ্দিন আহমদ কামরান।

গত বছরের ডিসেম্বরে অনুষ্ঠিত সিলেট মহানগর আওয়ামী লীগের সর্বশেষ সম্মেলনে সভাপতির পদ হারান কামরান। প্রায় তিন দশক কামরানবিহীন পথচলা শুরু হয় সিলেট আওয়ামী লীগের। তবে পরবর্তী কেন্দ্রীয় কমিটির সম্মিলনে নির্বাহী সদস্য করা হয় কামরানকে।

উল্লেখ্য, ১৯৫১ সালের পহেলা জানুয়ারি সিলেটে জন্মগ্রহণ করেন বদরউদ্দিন আহমদ কামরান। আর ২০২০ সালের ১৫ জুন দিবাগত রাত পৌনে তিনটার দিকে ঢাকার সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় ইন্তেকাল করেন। মৃত্যুকালে তার বয়স হয়েছিল ৬৯ বছর। তিনি স্ত্রী, দুই ছেলে ও এক মেয়েসহ অসংখ্য আত্মীয়স্বজন ও গুণগ্রাহী রেখে গেছেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026