শীর্ষবিন্দু নিউজ ডেস্ক: যুক্তরাজ্যে বাংলা মিডিয়া এটিএন বাংলা ইউকে‘র অনুষ্ঠান প্রধান হিসেবে জি এম পলাশকে দায়িত্ব দেয়া হয়েছে। চলতি জুন মাসের শুরুতে তিনি এই দায়িত্ব গ্রহন করেন।
এটিএন বাংলা ইউকে‘র নতুন দায়িত্বপ্রাপ্ত জি এম পলাশ মৌলভীবাজার জেলার কুলাউড়া উপজেলায় জন্মগ্রহন করেন। বাবার চাকুরীর সুবাদে ঢাকায় তাঁর বেড়ে উঠা এবং পড়াশোনার পাশাপাশি কাজ করেছেন বিজ্ঞাপণী সংস্থা এবং টিভি চ্যানেলে।
দেশে থাকা অবস্থায় সর্বশেষ কাজ করেছেন মেগা ধারাবাহিক নাটক খোয়াবে সহকারী পরিচালক হিসেবে। এরপর এমবিএ অধ্যয়নের জন্য পাড়ি দেন বিলেতে। ২০০৫ সালে বিলেতে এসে প্রথম ভিডিও সম্পাদক হিসেবে কাজ শুরু করেন তৎকালীন বিলেতের জনপ্রিয় বাংলা মিডিয়া বাংলা টিভিতে। পরের বৎসর ২০০৬ সালে ভিডিও সম্পাদক এবং গ্রাফিক্স ডিজাইনার হিসেবে যোগ দেন এটিএন বাংলা ইউকেতে।
জি এম পলাশ বিজ্ঞাপন নির্মাতা হিসেবে ও বাংলা কমিউনিটিতে পরিচিত। এটিএন বাংলা ইউকে‘র অনুষ্ঠানে পরিবর্তন আনার অঙ্গীকার নিয়ে যাত্রা শুরু করা এই সৃজনশীল মানুষটির সর্বাত্মক সফলতা কামনা করেছে এটিএন বাংলা ইউকে পরিবার।