শীর্ষবিন্দু নিউজ, রিয়াদ, সৌদি আরব: সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় অফিসিয়ালি জানিয়েছে, সৌদি আরবে অবস্থানরত বিভিন্ন দেশের নাগরিকরা এ মৌসুমে হজে অংশ নিতে পারবেন। করোনাভাইরাসের সংক্রমণ রোধে এ সিদ্ধান্ত নিয়েছে সৌদি সরকার।
তাই এবার বিশ্বের কোনও দেশের নাগরিকই হজে অংশ নিতে পারবেন না। এমন কী হজে অংশ গ্রহণকারীর সংখ্যাও হবে সীমিত। ফলে তাদের এ সিদ্ধান্তের কারণে দেশের বাইরে থেকে কেউ আর হজে যেতে পারছেন না। শুধু বাংলাদেশ নয়, সৌদি আরবের বাইরে থেকে কেউ এসে হজে অংশ নিতে পারবেন না।
বিভিন্ন দেশের নাগরিক যারা সৌদি আরবে আছেন তারা হজে অংশ নিতে পারবেন। এ সিদ্ধান্ত নেওয়া হয়েছে যেন স্বাস্থ্য বিধি অনুসরণ করে হজ আয়োজন করা সম্ভব হয়। ইসলামে মানুষের জীবন রক্ষার কথা বলা হয়েছে, সেই শিক্ষা থেকেই এ সিদ্ধান্ত।
সৌদি সরকার দুটি পবিত্র মসজিদের সংরক্ষণকারী, একই সঙ্গে মিলিয়ন হজ ও ওমরাহ পালনকারীদের সেবা দেয়। যারা হজে অংশ নিবেন তাদের সুরক্ষায় সৌদি সরকার সর্বাধিক গুরুত্ব দেয় বলে জানানো হয় বিজ্ঞপ্তিটিতে।
সৌদি আরবের হজ ও ওমরাহ মন্ত্রণালয় এক বিজ্ঞপ্তিতে জানিয়েছে, বিশ্বের ১৮০টিও বেশি দেশে করোনাভাইরাস ছড়িয়েছে। মৃত্যুর সংখ্যাও প্রায় পাঁচ লাখ। করোনা ভাইরাসের ভ্যাকসিন না থাকায় শঙ্কা কমছে না। বিশ্ব স্বাস্থ্য সংস্থা জানিয়েছে, যে কোন ধরণের ভিড়ের কারণে এ ভাইরাস ছড়াতে পারে, এজন্য সামজিক দূরত্ব বজায় রাখা জরুরি।
সকল মুসলমানদের নিরাপদে হজ ও ওমরা পালনের নিশ্চিত করাকে গুরুত্ব দেয় সৌদি আরব। ওমরাহ ও হজপালনকারীদের নিরাপত্তার স্বার্থে ইতোমধ্যে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হয়েছে। ওমরা পালন স্থগিত করা হয়েছে পবিত্র স্থান ও হজযাত্রীদের সুরক্ষার জন্য। করোনা ভাইরাসের সংক্রামণ রোধে এ বছর হজ অনুষ্ঠিত হবে খুবই সীমিত সংখ্যক হাজি নিয়ে।
গত বছর ২ দশমিক পাঁচ মিলিয়ন মুসলমান হজে অংশ নিয়েছিলেন। তবে এবার সৌদি আরবের এ সিদ্ধান্তের কারণে বিভিন্ন দেশ থেকে হজে অংশ নেওয়ার সুযোগ আর থাকছে না।