নিউজ ডেস্ক: সেন্ট্রাল লন্ডনের কনজেশন চার্জের হার সাময়িকভাবে ১৫ পাউন্ডে উন্নিত করা হয়েছে। এছাড়া চার্জ প্রদানের সময়সীমায়ও আনা হয়েছে পরিবর্তন। এখন থেকে সপ্তাহের ৭ দিনই সকাল ৭টা থেকে রাত ১০টা পর্যন্ত নির্ধারিত জোনের (টাওয়ার হ্যামলেটস বারার ছোট একটি অংশ এই জোনের মধ্যে পড়েছে) মধ্যে গাড়ি নিয়ে প্রবেশ করলেই কনজেশন চার্জ দিতে হবে। রেসিডেন্টস ডিসকাউন্টের জন্য নতুন আবেদনের শেষ সময় ১ আগষ্ট শনিবার।
টাওয়ার হ্যামলেটস কাউন্সিলের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বারার বাসিন্দাদের এই তথ্যটি অবহিত করে বলা হয়, করোনাভাইরাস মহামারীর কারণে ট্রান্সপোর্ট ফর লন্ডন যে অভূতপূর্ব আর্থিক চ্যালেঞ্জের মুখোমুখি হয়েছে, তা মোকাবেলায় সাম্প্রতিক সময়ে সরকারি তহবিল দেয়ার শর্ত পূরণের অংশ হিসেবেই এই পরিবর্তনগুলো আনা হয়েছে। কিছু কিছু ক্ষেত্রে এনএইচএস স্টাফ এবং রোগীরা প্রদেয় ফি’র ক্ষেত্রে হ্রাস সুবিধা পাবেন।
কনজেশন চার্জ ও সময় সীমা সংক্রান্ত পরিবর্তনগুলোর বিস্তারিত জানতে হলে tfl.gov.uk এই ওয়েবসাইট ভিজিট করতে অনুরোধ করা হয়েছে।