শুক্রবার, ০১ মে ২০২৬, ১১:২৫

সিলেটে ভুয়া করোনা নেগেটিভ সনদ বিক্রি করা জালিয়াত ডাক্তার শাহ আলমকে অর্থসহ কারাদন্ড

সিলেটে ভুয়া করোনা নেগেটিভ সনদ বিক্রি করা জালিয়াত ডাক্তার শাহ আলমকে অর্থসহ কারাদন্ড

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: প্রতারণা করে ভুয়া ‘করোনা নেগেটিভ’ সনদ বিক্রি করা সেই চিকিৎসক শাহ আলমকে ১ লাখ টাকা জরিমানা ও ৪ মাসের কারাদন্ড দিয়েছে ভ্রাম্যমাণ আদালত।

গত শুক্রবার নিজ বাসা থেকে ডা. শাহ আলমকে আটক করে র‍্যাব। পরে তাকে নিয়ে অভিযান চালানো হয় তার চেম্বার নগরীর কাজলশাহ এলাকার মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারে। চেম্বারে গিয়ে তার জালিয়াতির বিভিন্ন প্রমাণ পায় প্রশাসন এবং তিনি নিজেও সবকিছু স্বীকার করেন। এর ভিত্তিতে তাকে জরিমানা ও কারাদন্ড দেন জেলা প্রশাসনের নির্বাহী ম্যাজিস্ট্রেট সুনন্দা রায়।

এদিকে, এই ঘটনার সাথে মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের কোন সম্পৃক্ততা আছে কি-না সেটি তদন্ত করছে প্রশাসন। এছাড়া বিষয়টি আলোচনায় আসার পর নগরীতে এ ধরনের আর কোনো ঘটনা ঘটেছে কি-না সেটিও তদারকি করা হচ্ছে।

এ ব্যপারে র‍্যাব-৯ এর অতিরিক্ত পুলিশ সুপার সামিউল আলম বলেন, এ ঘটনার পর এসব বিষয়ে তীক্ষ্ণ নজর রাখছে র‍্যাব। এই ঘটনার তদন্তের পাশাপাশি আর কোথাও এমন জালিয়াতির ঘটনা ঘটছে কি-না সেটিও দেখা হচ্ছে৷ শীঘ্রই এসব বিষয় নিয়ে মিডিয়ায় বিস্তারিত কথা বলবেন।

মেডিনোভা ডায়াগনস্টিক সেন্টারের মহাব্যবস্থাপক এম এ মতিন মাসুক জানান, ডা. শাহ আলম মেডিনোভার নিয়োগপ্রাপ্ত কেউ নন। তিনি শুধু সেখানের চেম্বার ব্যবহার করতেন এবং রোগী দেখতেন। তবে এখন মেডিনোভা সিদ্ধান্ত নিয়েছে সিলেট নয়, দেশের কোথাও তিনি মেডিনোভার কোন শাখায় বসতে পারবেন না। এছাড়া তার এসব বিষয় নিয়ে থানায় একটি জিডিও করা হয়েছে।

এদিকে, জালিয়াত চিকিৎসক শাহ আলম সাগর করোনাভাইরাসে আক্রান্ত হয়েছেন। গতকাল সোমবার রাতে দ্বিতীয় দফায় তার করোনা পরীক্ষার রিপোর্ট পজিটিভ আসে। প্রতারণার দায়ে গ্রেপ্তার হয়ে চার মাসের সাজা পাওয়ার একদিনের মাথায় ওই চিকিৎসকের শরীরে দ্বিতীয় দফায় করোনাভাইরাস শনাক্ত হলো। ওসমানী মেডিকেল কলেজের পিসিআর ল্যাবের সংশ্লিষ্ট কর্মকর্তারা বিষয়টি নিশ্চিত করেছেন।

জানা গেছে, সিলেট এমএজি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিকেল অফিসার পরিচয় দিয়ে (সরকারি চিকিৎসকের ভুয়া পদবি) করোনাভাইরাসের নমুনা পরীক্ষা না করেই ভুয়া ‘করোনা নেগেটিভ’ সনদ প্রদানের অভিযোগ ওঠে ওই চিকিৎসকের বিরুদ্ধে।

এর আগে গত ১৩ জুলাই প্রথমবার করোনা পরীক্ষায় ডা. শাহ আলমের করোনা শনাক্ত হয়। করোনা রোগী শনাক্ত হওয়ার পরও তিনি নগরের মধুশহীদ এলাকায় ঢাকার ডায়াগনস্টিক সেন্টার মেডিনোভা মেডিকেল সার্ভিসেস লিমিটেডের নিচ তলায় রোগী দেখতেন। এ ছাড়া বিদেশগামী যাত্রীদের কাছে ভুয়া ‘করোনা নেগেটিভ’ সনদ বিক্রি করে আসছিলেন।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026