মঙ্গলবার, ১৪ জুলাই ২০২৬, ১০:৪২

পায়ে হেঁটে হাসিনাকে খালেদার কাছে যেতে হবে

পায়ে হেঁটে হাসিনাকে খালেদার কাছে যেতে হবে

শীর্ষবিন্দু নিউজ: বিএনপির চেয়ারপারসন খালেদা জিয়া গণভবনে যাবেন না। এমন পরিস্থিতি সৃষ্টি করা হবে, শেখ হাসিনাকেই পায়ে হেঁটে খালেদা জিয়ার কাছে যেতে হবে। বৃহস্পতিবার চট্টগ্রামে ১৮-দলীয় জোটের সমাবেশে বক্তারা এ মন্তব্য করেন। কেন্দ্রীয় কর্মসূচির অংশ হিসেবে চট্টগ্রামের কাজীর দেউরি মোড়ে এ সমাবেশ অনুষ্ঠিত হয়।

সমাবেশে বক্তব্য দেন চট্টগ্রাম বিভাগীয় শ্রমিক দলের সভাপতি এম নাজিম উদ্দিন, নগর বিএনপির সহসভাপতি আবু সুফিয়ান, নগর জামায়াত নেতা আ জ ম ওবায়দুল্লাহ, নগর যুবদলের সভাপতি কাজী বেলাল ও সাধারণ সম্পাদক মোশাররফ হোসেন, নগর ছাত্রদলের সভাপতি গাজী মোহাম্মদ সিরাজ উল্লাহ, সাধারণ সম্পাদক বেলায়াত হোসেন প্রমুখ। চলতি সপ্তাহে টানা তিন দিনের হরতালে নিহত লোকজনের গায়েবানা জানাজা শুক্রবার জমিয়াতুল ফালাহ মসজিদে অনুষ্ঠিত হবে বলে সমাবেশ থেকে ঘোষণা দেওয়া হয়।

চট্টগ্রাম নগর জামায়াতের আমির ও সাংসদ আ ন ম শামসুল ইসলামের সভাপতিত্বে ও নগর বিএনপির সাধারণ সম্পাদক শাহাদাত হোসেনের পরিচালনায় এ সমাবেশ অনুষ্ঠিত হয়। সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে বিরোধীদলীয় নেতার উপদেষ্টা মীর মোহাম্মদ নাছির উদ্দিন বলেন, বাংলাদেশে বিক্ষোভ চলছে। জনগণের এ বিক্ষোভ আওয়ামী লীগের প্রধান শেখ হাসিনার কার্যকলাপের বিরুদ্ধে। তিনি একতরফাভাবে নির্বাচনের চেষ্টা করছেন। বাংলার জনগণ নির্দলীয় সরকার ছাড়া কোনো নির্বাচন মানবে না।

এ সময় মীর নাছির বলেন, রাতের খাবার খাওয়ার জন্য খালেদা জিয়া গণভবনে যাবেন না। তিনি ‘ডিনারের’ নেত্রী নন। খালেদা জিয়া জনগণের নেত্রী। সমাবেশে অন্য বক্তারা বলেন, শেখ হাসিনার সঙ্গে টেলিফোন সংলাপে বাংলাদেশের ১৬ কোটি জনগণের মনের কথা বলেছেন খালেদা জিয়া। এ সরকারের পতনের জন্য আন্দোলন জোরদার করা ছাড়া উপায় নেই।

 




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026