শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা নির্বাচনকালীন সরকার নিয়ে তার আগের অবস্থান তুলে ধরে বলেছেন, সংসদে যেসব দলের প্রতিনিধি আছে তাদের মধ্য থেকেই সর্বদলীয় সরকার গঠন করা হবে। শুক্রবার গণভবনে জাতীয় পার্টির (জেপি) নেতাদের সঙ্গে বৈঠকে একথা বলেন। সন্ধ্যায় গণভবনে এ বৈঠক অনুষ্ঠিত হয়।
বৈঠকে অন্যন্যের মধ্যে সংসদ উপনেতা সৈয়দা সাজেদা চৌধুরী, আওয়ামী লীগের উপদেষ্টা পরিষদ সদস্য আমির হোসেন আমু, তোফায়েল আহমেদ, সুরঞ্জিত সেনগুপ্ত, বেগম মতিয়া চৌধুরী, এইচটি ইমাম, ড. আলাউদ্দিন আহমেদ, ড. গওহর রিজভী, যুগ্ম সাধারণ সম্পাদক মাহবুব-উল-আলম হানিফ, জাহাঙ্গীর কবির নানক প্রমুখ নেতারা উপস্থিত ছিলেন।
জাতীয় পার্টির (জেপি) চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে প্রতিনিধি দলে মহাসচিব শেখ শহীদুল ইসলাম, প্রেসিডিয়াম সদস্য আব্দুর রহিম, শাহ রফিকুল বারী চৌধুরী, এ এইচ সালাউদ্দিন মাহমুদ, কর্ণেল (অব.) আব্দুল লতিফ মল্লিক, মফিজুল হক বেবু, মিসেস আমেনা বারী, এডভোকেট বদরুদ্দোজা সুজা, এজাজ আহমেদ মুক্তা, অতিরিক্ত মহাসচিব সাদেক সিদ্দিকী, দপ্তর সম্পাদক এম সালাউদ্দিন আহমেদ উপস্থিত ছিলেন।
নির্বাচনকালীন সরকার নিয়ে বিভিন্ন রাজনৈতিক দলের সঙ্গে মতবিনিময়ের অংশ হিসেবে প্রধানমন্ত্রী গতকাল জেপি নেতাদের সঙ্গে বৈঠক করেন। জেপি চেয়ারম্যান আনোয়ার হোসেন মঞ্জুর নেতৃত্বে মহাসচিব শেখ শহিদুল ইসলামসহ ১২ সদস্যের প্রতিনিধি দল বৈঠকে অংশ নেন। বৈঠকের শুরুতে প্রধানমন্ত্রী বলেন, আমরা একটা জায়গা থেকে শুরু করতে চাই আর তা হলো আগামী প্রজন্মের জন্য। তাদের যেন কষ্ট না হয়। একটা নিয়মের মধ্য দিয়ে যেন ক্ষমতার পরিবর্তন হয়।