শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: চুক্তি ছাড়াই ব্রেক্সিটের প্রস্ততি নেয়ার কথা জানিয়েছেন ব্রিটিশ প্রধানমন্ত্রী বরিস জনসন। বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে এ খবর।
তিনি বলেন, চুক্তি ছাড়াই ইউরোপীয় ইউনিয়ন থেকে ব্রিটেনের বের হয়ে যাওয়ার (ব্রেক্সিট) ব্যাপারে প্রস্তুতি নেওয়ার সময় এখন চলে এসেছে। ইউরোপীয় ইউনিয়ন (ইইউ) সমঝোতার বিষয়টি গুরুত্বের সঙ্গে না নেওয়ায় এই পদক্ষেপ নেওয়া হবে বলে শুক্রবার জানিয়েছেন তিনি।
বার্তা সংস্থা রয়টার্স জানিয়েছে, পাঁচ বছর ধরে চলমান ব্রেক্সিট সংকট শেষ পর্যন্ত চুক্তিবিহীন হলে তা হবে বিশৃঙ্খলাপূর্ণ। করোনা মহামারীকালে যেখানে অর্থনৈতিক পরিস্থিতি অবনতির দিকে যাচ্ছে সেখানে চুক্তিবিহীন ব্রেক্সিট হলে ব্রিটেন, ইইউ’র সরবরাহ ব্যবস্থা দুর্বল হয়ে পড়বে।
টেলিভিশনে দেওয়া ভাষণে জনসন বলেছেন, আমি উপসংহার টেনেছি যে, আমাদেরকে কর্মসূচিসহ পহেলা জানুয়ারির জন্য প্রস্তুত হতে হবে, যেটি অস্ট্রেলিয়ার মুক্ত বিশ্ব বাণিজ্যের সাধারণ নীতিভিত্তিক।
এর আগে যুক্তরাজ্য ব্রেক্সিট চুক্তির শর্ত ভেঙে আইন প্রণয়নের উদ্যোগ নিলে তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি ইইউ আগেই দিয়ে রেখেছিল এবং এ পরিকল্পনা থেকে সরে আসার জন্য সময়সীমাও বেঁধে দিয়েছিল। চলতি সপ্তাহের প্রথমে সেই সময়সীমা পার হয়েছে। এরপরই ইইউ কমিশন ব্রিটিশ সরকারকে আনুষ্ঠানিকভাবে আইনি নোটিশ পাঠানো হয়েছে বলে জানিয়েছে।
এই নোটিশের ফলে শীর্ষ ইইউ আদালত ‘ইউরোপীয়ান কোর্ট অব জাস্টিস’- এ মামলার মুখে পড়বে যুক্তরাজ্য। নোটিশের জবাব দেওয়ার জন্য যুক্তরাজ্য সময় পাবে ৩০ দিন। ব্রিটিশ সরকার ইইউ নোটিশের জবাব দেবে বলে জানিয়েছে।
বৃহস্পতিবার ব্রেক্সিট সম্মেলনে ইইউ আল্টিমেটাম দিয়ে বলেছে, তারা আলোচনার অগ্রগতির হাল দেখে উদ্বিগ্ন। লন্ডনকে মূল বিষয়টি মেনে নিতে হবে নতুবা তাদেরকে পহেলো জানুয়ারি থেকে ব্লকের সঙ্গে সম্পর্ক ছিন্ন করতে হবে।