বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের ইন্তেকাল: গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া

সাংবাদিক আজিজ আহমদ সেলিমের ইন্তেকাল: গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: সিলেট জেলা প্রেসক্লাবের সাবেক সভাপতি, দৈনিক উত্তরপূর্ব পত্রিকার প্রধান সম্পাদক ও বাংলাদেশ টেলিভিশনের সিলেট প্রতিনিধি আজিজ আহমদ সেলিম আর নেই। রবিবার (১৮ অক্টোবর) রাত পৌনে নয়টার দিকে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন। (ইন্নালিল্লাহি ওয়া ইন্না ইলাহি রাজিউন)।

তিনি করোনা ভাইরাসের কোভিড–১৯ আক্রান্ত ছিলেন। গত বৃহস্পতিবার (৮ অক্টোবর) থেকে সিলেট সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন ছিলেন আজিজ আহমদ সেলিম। সেখানে চিকিৎসাধীন অবস্থায় আজ রাতে না ফেরার দেশে পাড়ি জমালেন সর্বজন শ্রদ্ধেয় ও সদাহাস্যোজ্জ্বল এই সাংবাদিক।

মৃত্যুকালে তাঁর বয়স হয়েছিলো ৬৭ বছর। তিনি স্ত্রী, তিন মেয়েসহ অসংখ্য গুনগ্রাহী রেখে গেছেন। সিলেট নগরীর মজুমদারী এলাকার বাসিন্দা ছিলেন তিনি। তাঁর মৃত্যুতে সিলেটের গণমাধ্যমকর্মীদের মাঝে শোকের ছায়া নেমে এসেছে।

আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে পররাষ্ট্রমন্ত্রীর শোক

সর্বজন শ্রদ্ধেয় সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে গভীর শোক প্রকাশ করেছেন পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট–১ আসনের সাংসদ ড. একে আব্দুল মোমেন। ড. মোমেন এক শোক বার্তায় বলেন, আজিজ আহমদ সেলিম ছিলেন অত্যন্ত সৎ ও প্রগতিশীল চেতনার অধিকারী। তিনি ছিলেন সকলের অত্যন্ত প্রিয় ব্যক্তিত্ব। তাঁর মৃত্যুতে সিলেটের জনগণ একজন দক্ষ সাংবাদিককে হারালো।

পররাষ্ট্রমন্ত্রী শোকসন্তপ্ত পরিবারের পরিবারের প্রতি গভীর সমবেদনা জ্ঞাপন এবং মরহুমের  বিদেহী আত্মার মাগফিরাত কামনা করেন।

সিলেট জেলা প্রেসক্লাবের তিন দিনের শোক কর্মসূচি

ক্লাবের সাবেক সভাপতি বর্ষিয়ান সাংবাদিক আজিজ আহমদ সেলিমের মৃত্যুতে তিনদিনের শোক কর্মসূচি ঘোষণা করেছে সিলেট জেলা প্রেসক্লাব। এক শোক বার্তায় ক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্ত ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল মরহুমের বিদেহী আত্মার মাগফেরাত কামনা করে পরিবারের প্রতি গভীর শোক ও সমবেদনা জানান।

রোববার রাতে কর্মসূচি ঘোষণা করেন জেলা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল। ঘোষিত কর্মসূচির মধ্যে রয়েছে প্রথম দিন সোমবার (১৯ অক্টোবর) থেকে কালো ব্যাজ ধারণ ও বাদ যোহর জানাযা পূর্বে মরদেহে শ্রদ্ধা নিবেদন। পরদিন মঙ্গলবার (২০ অক্টোবর) বাদ যোহর ক্লাব কার্যালয়ে মিলাদ মাহফিল এবং বুধবার (২১ অক্টোবর) এতিমখানায় খাবার বিতরণ ও দোয়া মাহফিল।

এছাড়া আজিজ আহমদ সেলিমের প্রতি শ্রদ্ধা জানিয়ে স্থানীয় দৈনিকগুলোতে এক কলাম দুই ইঞ্চি শোক ব্যাজ ছাপাতে ক্লাবের পক্ষ থেকে সম্পাদকসহ দায়িত্বশীলদের প্রতি অনুরোধ জানানো হয়। ঘোষিত কর্মসূচির সফল করার জন্য ক্লাবের সকল সদস্যদের প্রতি আহবান জানিয়েছেন প্রেসক্লাব সভাপতি তাপস দাশ পুরকায়স্ত ও সাধারণ সম্পাদক শাহ দিদার আলম নবেল।

উল্লেখ্য, সিলেটে জেলা প্রেসক্লাব’র সাবেক দুই বারের সভাপতি সর্বজন শ্রদ্ধেয় প্রবীন সাংবাদিক আজিজ আহমদ সেলিম করোনা আক্রান্ত হয়ে রোববার (১৮ অক্টোবর) রাত সাড়ে ৮টায় সিলেটে সম্মিলিত সামরিক হাসপাতালে চিকিৎসাধীন অবস্থায় মৃত্যু বরণ করেন।

সোমবার বাদ যোহর হযরত শাহজালাল (র.) দরগাহ জামে মসজিদে মরহুমের জানাযা অনুষ্ঠিত হবে। পরে দরগাহ সংলগ্ন কবরস্থানে তাঁর দাফন সম্পন্ন হবে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026