বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ১১:১৪

রিজেন্টের শাহেদের বিরুদ্ধে সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা জারি

রিজেন্টের শাহেদের বিরুদ্ধে সিলেটে গ্রেপ্তারি পরোয়ানা জারি

শীর্ষবিন্দু নিউজ, সিলেট: দেশের অন্যতম আলোচিত ঘটনা রিজেন্টের প্রতারক শাহেদের বিরুদ্ধে সিলেটে তিনটি গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হয়েছে। জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা মামলায় আদালত এ রায় দেন।

রিজেন্ট গ্রুপ ও হাসপাতালের চেয়ারম্যান শাহেদ করিমের প্রতারণার শিকার হয়েছিলেন সিলেটের ‘মাওলা স্টোন ক্রাশার মিল’-এর মালিক শামসুল মাওলা। করোনার সার্টিফিকেট জালিয়াতির ঘটনায় গ্রেপ্তার হওয়ার পর টাকা উদ্ধারে ঢাকায় ছুটে যান ব্যবসায়ী শামসুল মাওলা। তিনি তখন শাহেদের প্রতারণার নানা ফিরিস্তি গণমাধ্যমের কাছে তুলে ধরেন। চেক ডিজঅনারের ঘটনায় দায়ের করা তিনটি মামলার কাগজপত্র তিনি আইনশৃঙ্খলা বাহিনীর কাছে উপস্থাপন করেন।

জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলা জানিয়েছেন- বাকিতে পাথর বিক্রি করে তিনি শাহেদ করিমের প্রতারণার শিকার হয়েছেন। এমনকি ঢাকায় ডেকে নিয়ে তাকে নানাভাবে অপদস্থ করা হয়। এরপর তাকে চেক দিলে ব্যাংকে টাকা পাননি। তিনটি চেকই ডিজঅনার হয়। এ কারণে ৪ঠা মার্চ তিনি সিলেট চিফ জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট প্রথম আদালতে শাহেদের বিরুদ্ধে ২৫ লাখ টাকার তিনটি প্রতারণা মামলা করেন। শাহেদের দেয়া ১০ লাখ টাকা করে দুটি চেকে ২০ লাখ টাকা ও আরো একটি চেকে ৫০ হাজার টাকা নির্ধারিত সময়ে না পাওয়ায় এ ৩ মামলা করেন বলে জানান।

এদিকে- গতকাল দুপুরে সিলেটের জুডিশিয়াল ম্যাজিস্ট্রেট হারুনুর রশীদের আদালতে আলোচিত সেই মামলার শুনানি হয়েছে। শুনানিকালে বিবাদী পক্ষের আইনজীবী শাহেদের জামিনের আবেদন করলে আদালত সে আবেদন আমলে না নিয়ে শাহেদের বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করেন।

সিলেট জেলা ও দায়রা জজ আদালতের এপিপি ও বাদীপক্ষের আইনজীবী এডভোকেট মো. আবদুস সাত্তার জানিয়েছেন- আসামি ঢাকায় কারাগারে রয়েছে। তিনটি ওয়ারেন্ট এখন সিলেট থেকে ওখানে পাঠানো হবে। এরপর সেটি তামিল করা হবে। তাকে সিলেটে এনে তিন মামলায় আদালতে হাজির করার কথা।

এদিকে- গ্রেপ্তারের আগে সিলেটের ব্যবসায়ীদের ঘিরে বিশাল প্রতারণার ফাঁদ পেতেছিলো শাহেদ করিম। তার সেই প্রতারণার ফাঁদে ফেঁসে গিয়ে সর্বস্ব খুইয়েছেন সিলেটের বেশ কয়েকজন ব্যবসায়ী।  জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলা শাহেদের প্রতারণার শিকার হয়েছেন। বার বার টাকা চাইতে গিয়েও শাহেদের কাছে হয়েছেন অপদস্থ। শামসুলের কাছ থেকে ৩০ লাখ টাকার পাথর নিয়ে পুরো টাকাটাই মেরে দিয়েছে প্রতারক শাহেদ।

শামসুল জানান- গত বছর হঠাৎ একদিন ঢাকার এক ভদ্রলোক তার কাছ থেকে এক গাড়ি পাথর কেনেন। যাথারীতি নগদে বিলও পরিশোধ করেন। যাওয়ার সময় তিনি শামসুল মাওলাকে ঢাকায় গিয়ে তার বসের সঙ্গে দেখা করার প্রস্তাব দেন। শাহেদের সঙ্গে দেখা করলে পদ্মা সেতু প্রকল্পের জন্য পাথর সরবরাহের বড় একটি কন্ট্রাক্ট পাইয়ে দেবেন বলে শামসুলকে জানান ওই ব্যক্তি।

শামসুল মাওলা সরল বিশ্বাসে ঢাকায় গিয়ে শাহেদের সঙ্গে দেখা করলে সে নিজেকে প্রধানমন্ত্রীর পিএস পরিচয় দেন। রাজধানীতে শাহেদের আলিশান অফিস, অফিস কক্ষে টানানো রাষ্ট্রের সব ভিআইপিদের সঙ্গে তোলা ছবি দেখে তার কথা বিশ্বাস না করে উপায় ছিল না শামসুলের। কথাবার্তার এক পর্যায়ে শামসুল মাওলার সঙ্গে ৩০ লাখ টাকার পাথর সরবরাহের চুক্তি করেন শাহেদ। পাথর দেয়ার পর বিল আনতে ঢাকায় গেলে তাকে ১০ লাখ টাকা করে ৩০ লাখ টাকার তিনটি চেক ধরিয়ে দেয় শাহেদ। পরে ব্যাংকে গিয়ে টাকা পাননি।

পরবর্তীতে ব্যবসায়ী শামসুল মাওলা এ ব্যাপারে শাহেদের সঙ্গে যোগাযোগ করলে তাকে গালিগালাজ করে। নানা ভয়ভীতিও প্রদর্শন করে। শাহেদের প্রতারণার শিকার হয়ে বিশাল অঙ্কের টাকা দেনাগ্রস্ত হয়ে পড়ায় শামসুল মাওলার জীবনে নেমে আসে বিপর্যয়। পাওনাদাররা তাকে টাকা পরিশোধের জন্য চাপ দিতে থাকেন। ব্যবসা বন্ধ হয়ে যায় শামসুল মাওলার। এমনকি পাওনাদারদের টাকা দিতে না পেরে এক সময় বাড়ি ছেড়ে ফেরারি জীবন শুরু করেন তিনি। টাকার অভাবে তিনি মেয়ের বিয়ে পর্যন্ত দিতে পারেননি বলে অভিযোগ করেছেন।

উল্লেখ্য, চেক ডিজঅনার মামলায় জৈন্তাপুরের পাথর ব্যবসায়ী শামসুল মাওলার দায়ের করা তিন মামলায় তার বিরুদ্ধে গ্রেপ্তারি পরোয়ানা জারি করা হলো। প্রতারণার মামলায় দণ্ডপ্রাপ্ত হয়ে শাহেদ বর্তমানে ঢাকার কারাগারে রয়েছে। গ্রেপ্তারি পরোয়ানা জারি হওয়ার কারণে মামলা তিনটির আগামী ধার্য তারিখে তাকে সিলেটে আনা হতে পারে।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026