শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে করোনা ভাইরাস ব্যক্তিদের সেলফ-আইসোলেশন ১৪ দিনের স্থলে ১০ দিনের মধ্যে সংক্ষিপ্ত করা হয়েছে। আজ সোমবার থেকে নতুন নিয়ম কার্যকর হয়েছে।
সেলফ-আইসোলেশন বিধির পরিবর্তনকালে যুক্তরাজ্যের চার প্রধান মেডিকেল অফিসার (সিএমও) এক বিবৃতিতে বলেছেন, প্রমাণ পর্যালোচনা করার পর আমরা এখন নিশ্চিত যে, সেলফ-আইসোলেশন ১৪ দিন থেকে ১০ দিনে কমিয়ে আনতে পারব।
সিএমওরা আরো যোগ করেছেন যে, সেলফ-আইসোলেশন কোভিডের বিস্তার হ্রাস করার জন্য প্রয়োজনীয়। কারণ এটি সংক্রমণের সুযোগ রোধ করে থাকে। সাধারণত করোনার প্রথম লক্ষণগুলি দেখা দেয় এবং তা বিকাশের ফলে ১০ দিনের মধ্যে সংক্রমণ হয়।
এরপরও প্রায় ২ শতাংশ অন্যদের মাঝে ভাইরাস সংক্রমণের আশংকা থাকে। ইংল্যান্ডের ডেপুটি চিফ মেডিকেল অফিসার ড. জেনি হ্যারি বলেছেন, এই তথ্যসমূহ মহামারীর অবিরাম প্রমাণ সংগ্রহের ওপর ভিত্তি করে তৈরি হয়েছে।
উল্লেখ্য, উচ্চ ঝুঁকিপূর্ণ দেশ থেকে প্রত্যাবর্তনের পরে সেলফ-আইসোলেশনের নির্দেশিত লোকদের ক্ষেত্রেও এই পরিবর্তনটি প্রযোজ্য। এর অর্থ হল, গত ১০ দিন বা তার বেশি সময় ধরে সেলফ-আইসোলেশনে ছিলেন, এমন ব্যক্তি সোমবার থেকে পৃথকীকরণ (কোয়ারেন্টিন) শেষ করতে সক্ষম হবেন।