শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: বাঙ্গালী অধ্যুষিত টাওয়ার হ্যামলেটস কাউন্সিলে বাজেট প্রণয়নে কর্তৃত্ববাদী সিদ্ধান্তের অভিযোগ তুলেছেন বারার ক্ষমতাসীন ১২ জন লেবার দলের কাউন্সিলারদের একটি গ্রুপ।
একই বারার ১২ জন লেবার কাউন্সিলর মেয়র জন বিগসের উদ্দেশ্যে লেখা এক খোলা চিঠিতে অভিযোগ করেন- এবারের বাজেট প্রণয়নে গণতান্ত্রিক চর্চা উপেক্ষা করা হয়েছে। বাজেট প্রণয়নে যথাযত গণতান্ত্রিক নিয়ম মানা হয়নি। কাউন্সিলরদের মতামতকে কোনো শুনানী ছাড়াই নাকচ করা হয়েছে। কাউন্সিল পরিচালনায় মেয়র বিগসের এমন কর্তৃত্ববাদী সিদ্ধান্তের বিষয়ে উদ্বেগ প্রকাশ করেন কাউন্সিলাররা।
গত ১৫ ফেব্রুয়ারি লেবার গ্রুপের বৈঠকের পর এমন খোলা চিঠি লেখেন কাউন্সিলাররা। কাউন্সিলারদের মতামতকে আমল না দিয়ে বাজেট প্রণয়নের ঘটনা বিরল। তার চেয়েও বেশি বিরল নিজ দলের মেয়রের কাছে কাউন্সিলরদের খোলা চিঠি লিখে উদ্বেগ জানানোর ঘটনা।
লেবার দলেরই একজন কাউন্সিলার নাম প্রকাশ না করার শর্তে পত্রিকাকে বলেন, বাজেট নিয়ে আপত্তি তুলে ১২ জন লেবার কাউন্সিলার যে খোলা চিঠি লিখেছেন তা আসলে একটি রাজনৈতিক ভেলকি (পলিটিক্যাল স্ট্যান্ট)। বাজেটের বিষয়টি গত ডিসেম্বরে সুরাহা করেছে লেবার গ্রুপ। তখনই জানা গিয়েছিলো যে, ২০২০-২১ অর্থ বছরে কাউন্সিলের প্রায় সাড়ে ৭ মিলিয়ন পাউন্ড উদ্বৃত্ত রয়েছে।
অথচ খরচ বাঁচানোর নামে মেয়র বিগস বিভিন্ন গুরুত্বপূর্ণ সেবাখাতের বাজেট কর্তন করেছেন। এসব কাউন্সিলার ঠিকই সবকিছুতে মেয়রকে সায় দিয়ে এসেছেন এবং বাজেটে সমর্থন দিয়েছেন। এখন খোলা চিঠি লিখে ভোটারদের দেখাতে চাইছেন যে, তাঁরা জন বিগসের কথায় উঠবস করেন না। প্রয়োজনে প্রতিবাদও করেন। নির্বাচন আর বেশি দূরে নেই। তাঁর মতে, তাই কেবল ভোটারদের কাছে নিজেদের গ্রহণযোগ্য করে তুলতে এমন স্ট্যান্ট করেছেন ওই ১২ কাউন্সিলার।
লেবার গ্রুপের মধ্যে সমঝোতা করেই এমনটি করা হয়েছে মন্তব্য করে ওই সূত্র বলে, স্বাক্ষরকারী কাউন্সিলারদের মাঠে অবস্থান খুব একটা ভাল নেই। খোলা চিঠিতে সাক্ষরকারী ১২ জন কাউন্সিলার হলেন- আব্দুল মুকিত চুন্নু, আয়াছ মিয়া, এহতেশাম হক, গেব্রিয়েলা সালভা মাকাল্যান, জেমস কিং, লেমা কুরেশি, মার্ক ফ্রাঞ্চিস, মোহাম্মদ পাপ্পু, শাদ চৌধুরী, শাহ আমিন, তারিক খান এবং ভিক্টোরিয়া ওবাজা।
Leave a Reply