শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: লন্ডনে সারাহ এভারার্ড হত্যার প্রতিবাদ এবং নারীর নিরাপদ চলাফেরা নিশ্চিত করার দাবিতে প্রদীপ প্রজ্জ্বলন কর্মসূচি বন্ধ করতে পুলিশের ভূমিকা তীব্র সমালোচনার মুখে পড়েছে।
এভারার্ডের স্মরণে এবং লন্ডন শহরে নারীর নিরাপদ চলাফেরা নিশ্চিত করার দাবিতে শনিবার রাতে শহরের দক্ষিণাংশে ক্ল্যাপহ্যাম কমনে প্রদীপ প্রজ্জ্বালন কর্মসূচি পালন করেন একদল নারী। কিন্তু ওই কর্মসূচিতে জনসমাগম করোনাভাইরাস সংক্রমণের ঝুঁকি বাড়াচ্ছে- এমন বিবেচনায় লন্ডন মেট্রোপলিটন পুলিশ প্রতিবাদকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করলে সংঘর্ষ বাধে। পুলিশ সেখান থেকে অন্তত চার নারীকে গ্রেপ্তার করে।
পুলিশের এমন ভূমিকাকে ‘অসম্মানজনক’ হিসেবে বর্ণনা করে লিবারেল ডেমোক্রেটিক পার্টির নেতা স্যার এড ডেভি লন্ডনের পুলিশ কমিশনার ড্যাম ক্রেসিডা ডিককে পদত্যাগের আহ্বান জানিয়েছেন।
রয়টার্সের প্রতিবেদনে বলা হয়, লন্ডনে ৩ মার্চ সন্ধ্যায় বাড়ি ফেরার পথে নিখোঁজ হন ৩৩ বছর বয়সী সারাহ এভারার্ড । এরপরই তার খোঁজে শহরের বিভিন্ন স্থানে পোস্টার সাঁটানো হয়। গত বুধবার লন্ডনের ৮০ কিলোমিটার দক্ষিণপূর্বে একটি জংলা জায়গা থেকে এভারার্ডের মরদেহ উদ্ধার করে পুলিশ। এরপরই এভারার্ডকে হত্যার অভিযোগে ওয়েইন কোজেনস নামের এক পুলিশ কর্মকর্তাকে গ্রেপ্তার করা হয়।
ঘটনাস্থল থেকে ধারণ করা ভিডিওতে দেখা যায়, পুলিশ কর্মকর্তারা প্রতিবাদ কর্মসূচিতে জড়ো হওয়া নারীদের হাতকড়া পড়াচ্ছেন এবং সেখান থেকে সরিয়ে নিচ্ছেন। পুলিশ বলেছে, সংক্রমণ রোধে জারি করা বিধিনিষেধ ভেঙে ওই নারীরা সেখানে প্রতিবাদে অংশ নিচ্ছিলেন। ‘জননিরাপত্তা নিশ্চিত করার স্বার্থেই’ তাদের গ্রেপ্তার করা হয়েছে।
ব্রিটেনের স্বরাষ্ট্রমন্ত্রী প্রীতি প্যাটেল এ বিষয়ে পুলিশের কাছে প্রতিবেদন তলব করেছেন। লেবার পার্টির প্রধান কিয়ের স্টারমার এই দৃশ্যপটকে বর্ণনা করেছেন ‘খুবই মর্মান্তিক’ হিসেবে।
Leave a Reply