শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ব্রিটেনে উপযুক্ত কারণ ছাড়া বিদেশ ভ্রমণ করলে লকডাউন আইনে পাঁচ হাজার পাউন্ড জরিমানা করা হতে পারে। এমনটাই জানিয়েছেন দেশটির প্রধানমন্ত্রী বরিস জনসন। খবর দ্য টেলিগ্রাফের।
সম্প্রতি ইউরোপে করোনাভাইরাসের তৃতীয় ঢেউ শুরু করেছে বলে আশঙ্কা করা হচ্ছে। সে কারণে ফ্রান্স, পোল্যান্ড এবং ইউক্রেনে লাখ লাখ মানুষের ওপর নতুন করে লকডাউন আরোপ করা হয়েছে।
আগামী ২৯ মার্চ সোমবার থেকে নতুন আইনটি কার্যকর হবে। নতুন আইনে সরকারের নির্দিষ্ট অজুহাত (তালিকাভুক্ত) ছাড়া দেশের বাইরে যাওয়া নিষিদ্ধ রয়েছে। বর্তমান পরিকল্পনার আওতায় ইংল্যান্ডের মানুষ ১৭ মে থেকে ছুটিতে বিদেশ যেতে পারবে।
বৈদেশিক ভ্রমণের জন্য আইনগতভাবে অনুমোদিত কারণগুলোর মধ্যে রয়েছে বিয়ে, সম্পত্তি স্থানান্তর কাজ, স্বেচ্ছাসেবক, শিক্ষা, চিকিৎসা প্রয়োজন এবং অন্ত্যেষ্টিক্রিয়ায় অংশ নেওয়া। এসব কারণে অনুমতি পাবেন যে কেউ।
উল্লেখ্য, চলতি বছরের জানুয়ারি থেকেই ইংল্যান্ডে লকডাউন জারি রয়েছে। সে সময় দেশটিতে নতুন করে সংক্রমণ বাড়তে শুরু করায় হাসপাতালে রোগীর চাপ বাড়তে থাকে এবং সংক্রমণে মৃত্যুর ঘটনাও বেড়েছিল। ফলে কর্তৃপক্ষ কড়াকড়ি আরোপ করতে বাধ্য হয়।
Leave a Reply