বুধবার, ১৫ জুলাই ২০২৬, ০২:১১

হরতাল ছেড়ে সর্বদলীয় সরকারে আসুন

হরতাল ছেড়ে সর্বদলীয় সরকারে আসুন

শীর্ষবিন্দু নিউজ: প্রধানমন্ত্রী শেখ হাসিনা বিরোধী দলের উদ্দেশে বলেছেন, হরতাল ছেড়ে দিয়ে সর্বদলীয় সরকারে আসুন। আপনারা যে যে মন্ত্রণালয় চান, সেটা নিয়ে আলোচনা করি। মঙ্গলবার বিকেলে নওগাঁর পোরশা ডিগ্রি কলেজ মাঠে স্থানীয় আওয়ামী লীগ আয়োজিত এক জনসভায় তিনি এ আহ্বান জানান।

প্রধানমন্ত্রী বলেন, মহাজোট সরকার সারের দাম তিনবার কমিয়েছে। প্রতি জেলা ও উপজেলায় মসজিদ করে দেওয়ার কথা বলেন তিনি। প্রতিটি এলাকায় উন্নয়নের ছোঁয়া লেগেছে জানিয়ে তিনি অভিযোগ করেন,  বিএনপি নিজেদের উন্নতি করেছে। অন্য কারও উন্নতি করেনি।

বিরোধীদলীয় নেতা খালেদা জিয়ার উদ্দেশে শেখ হাসিনা বলেন, মানুষ ভালো থাকলে উনি শান্তি পান না। আজও ঢাকায় বোমায় ৩৫ জন আহত হয়েছে। গাড়িতে মানুষ পুড়ছে। আর ওনারা দাঁত বের হাসছেন। মানুষের কষ্ট দেখলে তাঁদের আনন্দ হয়। আপনি কেন আগুনে মানুষ পুড়িয়ে মারছেন? একজন মুসলমান কি আরেকজন মুসলমানকে মারতে পারে?

প্রধানমন্ত্রী অভিযোগ করে বলেন, ঢাকা শহরে জাতীয় মসজিদ বায়তুল মোকাররমে তারা আগুন দিয়েছে। জায়নামাজ পুড়িয়েছে। শত শত পবিত্র কোরআন শরিফ পুড়িয়েছে। কেউ কোরআন পোড়ালে কীভাবে আবার ইসলামকে ব্যবহার করে রাজনীতি করে? সে প্রশ্ন রাখেন তিনি।

বিরোধীদলীয় নেতাকে ইঙ্গিত করে প্রধানমন্ত্রী বলেন, আমি ওনাকে দুপুরে ফোন করেছি। ওনাকে আমি পাইনি। আমি তো ওনার সঙ্গে ফোনে কথা বলতাম, চেহারা দেখব না। তাহলে তো মেকআপ লাগবে না। তার পরও মেকআপ করতে ওনার নাকি রাত নয়টা লাগবে।

প্রধানমন্ত্রী আরও বলেন, আওয়ামী লীগ আবার ক্ষমতায় এলে প্রতি জেলায় একটি করে সরকারি বা বেসরকারি বিশ্ববিদ্যালয় করা হবে। এ সময় তাঁর সরকারের উন্নয়নের ধারা অব্যাহত রাখতে নৌকা মার্কায় ভোট চান প্রধানমন্ত্রী। উপস্থিত জনতার কাছ থেকে হাত তুলে নৌকা মার্কায় ভোট দেওয়ার প্রতিশ্রুতি আদায় করেন তিনি।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026