শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: যুক্তরাজ্যে নতুন করে ২৫ জনের বিরল রক্ত জমাট বাঁধার ঘটনা ঘটেছে। যার সঙ্গে অস্ট্রাজেনেকা-অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের করোনার টিকার সম্ভাব্য যোগসাজশ রয়েছে। ব্লুমবার্গ, রয়টার্স ও এনডিটিভি এমন খবর দিয়েছে।
ইউনিভার্সিটি কলেজ লন্ডনের নিউরোলজি ইনস্টিটিউটের ক্লিনিক্যাল নিউরোলজির অধ্যাপক ডেভিড ওয়ারিং বলেন, এ নিয়ে আরও গবেষণা দরকার। কীভাবে মস্তিষ্কের এই রক্তজমাটের ঘটনা ঘটছে, সেদিকে বেশি নজর দেওয়া দরকার। করোনাভাইরাসের বিপরীতে টিকাদানের সফলতা কতটা শক্তিশালী, তা প্রমাণ করতে হবে।
ব্রিটেনের ঔষধ ও স্বাস্থ্যসেবা নিয়ন্ত্রণ সংস্থা বৃহস্পতিবার এক বিবৃতিতে জানিয়েছে, গত ২৪ মার্চ থেকে রক্তজমাটের ঘটনা বেড়ে ৩০ জনে দাঁড়িয়েছে। এই টিকা নেওয়ার ক্ষেত্রে ঝুঁকির চেয়ে সুবিধাই বেশি। খবরে বলা হয়, এ সময়ে এক কোটি ৮১ লাখ ডোজ দেওয়া হয়েছে। তাদের মধ্যে ত্রিশ জনের রক্তজমাট বাঁধার ঘটনা ঘটেছে। এর আগে গত ১৮ মার্চ এক কোটি ১০ লাখের মধ্যে পাঁচটি রক্তজমাটের ঘটনা পাওয়া গেছে।
এর আগে ব্রিটিশ-সুইডিশ কোম্পানির এই টিকা নিয়ে বেশ কয়েকটি ইউরোপীয় দেশ সতর্কতামূলক পদক্ষেপ নিয়েছিল। নতুন প্রতিবেদন অনুসারে, ব্রিটেনে গড়ে প্রতি ছয় লাখে একজনের রক্তজমাটের ঘটনা ঘটেছে। তবে ফাইজার-বায়োএনটেকের টিকা দেওয়ার পর এমন কোনো ঘটনার খবর পাওয়া যায়নি।
Leave a Reply