শীর্ষবিন্দু নিউজ, লন্ডন: ইউরোপিয় ইউনিয়ন ও ব্রিটেনের মধ্যকার ব্রেক্সিট পরবর্তী বাণিজ্য চুক্তির আনুষ্ঠানিক অনুমোদন দিয়েছে ইউরোপিয়ান পার্লামেন্ট। স্থানীয় সময় মঙ্গলবার বিকেলে এই ভোট অনুষ্ঠিত হয়। এ খবর দিয়েছে বিবিসি, ডয়েচে ভেলে।
তবে অনেক ইইউ আইনপ্রণেতাই চুক্তি নিয়ে হতাশা প্রকাশ করেন। পক্ষে পড়ে ৬৬০টি ভোট ও বিপক্ষে পড়ে ৫ ভোট, ৩২টি ভোট ছিলো অনুপস্থিত। গত জানুয়ারির পর থেকেই দুই পক্ষের বাণিজ্যে ভাটা পড়ে। ব্রিটেন থেকে ইইউ’র আমদানি ৫০ভাগ হ্রাস পায় ও ব্রিটেনে রপ্তানি ২০ ভাগ হ্রাস পায়।
ইউরোপিয় কাউন্সিলের প্রেসিডেন্ট চার্লস মিশেল ও ইউরোপিয়ান কমিশনের প্রেসিডেন্ট উরসূলা ভন দের লিয়েন এই ভোটের ফলকে স্বাগত জানিয়েছেন। টুইটারে ভন দের লিয়েন লিখেছেন, এই চুক্তি ব্রিটেনের সঙ্গে ঘনিষ্ঠ সম্পর্ক বজায় রাখার ভিত হিসেবে কাজ করবে।
ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসনও এই চুক্তিকে স্বাগত জানিয়ে বলেছেন, এখন থেকে নতুন ভবিষ্যতের দিকে যাত্রা করবে ব্রিটেন। এই সপ্তাহ ইইউর সঙ্গে নতুন স্থিতিশীল সম্পর্ক, দীর্ঘ যাত্রা, ঘনিষ্ঠ মিত্রতা ও একক সর্বভৌমত্ব রক্ষা করে পথ চলার শুরু।
ব্রিটেনের প্রধান ব্রেক্সিট সমঝোতাকারী ডেভিড ফ্রস্ট বলেন, দুই পক্ষই বন্ধুত্বপর্ণ সহযোগিতা ও মুক্ত বাণিজ্যের ওপর ভিত্তি করে এই চুক্তিতে পৌঁছেছে। তবে ইইউ পার্লামেন্টের প্রধান ব্রেক্সিট সমন্বয়ক গে ভারহোফস্টেড বলেন, এই চুক্তি দুই পক্ষেরই ব্যর্থতা, কিন্তু এর চেয়ে আর ভালো কিছু হতে পারতো না।’ মিশেল বার্নিয়ার বলেন, এটি বিচ্ছেদ, ব্রেক্সিট একটি সতর্ক সংকেত। এটি ইউরোপের জন্য ব্যর্থতা এবং আমাদের এটি থেকে শিক্ষা নিতে হবে।
উল্লেখ্য, ২০২০ সালের ৩১ জানুয়ারি পাকাপাকিভাবে ইইউ থেকে বের হয়ে যায় ব্রিটেন। টানা নয় মাসের দীর্ঘ সমঝোতা ও দর কষাকষির পর বিনা কোটা ও বিনা শুল্কে বাণিজ্যিক চুক্তি করতে রাজি হয় ইইউ ও ব্রিটেন।
Leave a Reply