শীর্ষবিন্দু নিউজ, বার্লিন: জার্মানির বুজবুর্গ শহরে শুক্রবার একের পর এক ছুরিকাঘাত করে সে হত্যা করেছে কমপক্ষে তিনজনকে। ছুরি হাতে খুনের নেশায় মেতেছিল ২৪ বছর বয়সী এক সোমালি যুবক। জার্মান পত্রিকা বিল্ড’কে উদ্ধৃত করে এ খবর দিয়েছে ডেইলি মেইল।
ওদিকে ঘটনার সময়কার বিভিন্ন ভিডিও ছড়িয়ে পড়েছে সামাজিক যোগাযোগ মাধ্যমে। এতে দেখা যায়, আহত করেছে ৬ জনকে। পুলিশ তার ওপর আগ্নেয়াস্ত্র ব্যবহার করে শক্তি প্রয়োগ করার পর এবং তার পায়ে গুলি করার পর তাকে আয়ত্তে আনতে সক্ষম হয়। ওই হামলাকারীকে পুলিশ জীবিত গ্রেপ্তার করেছে। পুলিশ বলেছে, পরিস্থিতি তাদের নিয়ন্ত্রণে রয়েছে।
হামলাকারীর কোনো উদ্দেশ্য ছিল কিনা তা নিয়ে বিতর্ক শুরু হয়েছে স্থানীয় সংবাদ মাধ্যমগুলোতে। তবে বড় ধরনের কোনো যোগসূত্রের বিষয় আপাতত পুলিশ এড়িয়ে গেছে। এআরডি সরকারি টেলিভিশন দাবি করেছে, পুলিশ বলেছে, হামলাকারীর সন্ত্রাসী কোনো উদ্দেশ্য ছিল বলে ইঙ্গিত মিলছে না।
কয়েকটি ভিডিও ক্লিপে দেখা যায়, হামলাকারীর হাতে ছুরি। আরেকটি ভিডিওতে দেখা যায়, মাটিতে রক্তে সয়লার। দেখা যায়, ঘটনাস্থল বুজবুর্গের কেন্দ্রস্থল বারবারোসাপ্লাটজে। সেখানেই ওই ছুরিকাঘাত করা হয়। ঘটনাস্থলে উপস্থিত ছিলেন এমন প্রত্যক্ষদর্শীরা তাৎক্ষণিকভাবে তাদের ইলেকট্রনিক ডিভাইস ব্যবহার করে তা ইন্টারনেটে ছড়িয়ে দেন।
সেখানে নিহতের সংখ্যা নিশ্চিত করেছে পুলিশ। একই সঙ্গে আহতদের বিষয়েও জানিয়েছে। বিষয়টি টুইটারে হ্যান্ডেল করছে লোয়ার ফ্রাঁসোনিয়া পুলিশ। দ্বিতীয় হামলাকারী থাকার বিষয় তারা প্রত্যাখ্যান করেছে। তাদের টুইটার পোস্টে বলা হয়েছে, হামলাকারীকে পুলিশ আগ্নেয়াস্ত্র ব্যবহার করে দমন করেছে। দ্বিতীয় কোনো হামলাকারী নেই। ফলে জনগণের ভীত হওয়ার আর কোনো কারণ নেই।
Leave a Reply