শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ১২:৪৬

ইউরোর সর্বশেষ ম্যাচে ‘ওয়েম্বলি ভ্যারিয়েন্টে‘ বহু ফুটবল ভক্ত আক্রান্ত

ইউরোর সর্বশেষ ম্যাচে ‘ওয়েম্বলি ভ্যারিয়েন্টে‘ বহু ফুটবল ভক্ত আক্রান্ত

ওয়েম্বলি স্টেডিয়ামে ইউরোর সর্বশেষ ম্যাচে কোনো ধরণের কোভিড স্ট্যাটাসের প্রমাণ ছাড়াই ভক্তরা প্রবেশ করতে পেরেছিলেন। সেখান থেকে বহু ফুটবল ভক্ত কোভিড আক্রান্ত হয়েছেন এমন রিপোর্ট পাওয়া গেছে। এ খবর দিয়েছে দ্য ইন্ডিপেন্ডেন্ট।

সংক্রমণের মাত্রা বেশি হওয়ায় এখন অনেকেই একে ‘ওয়েম্বলি ভ্যারিয়েন্ট’ বলে আখ্যায়িত করছেন। ইউরো ফাইনালে প্রায় ৬০ হাজার মানুষ ওয়েম্বলি স্টেডিয়ামে খেলা দেখেন। কোভিড স্ট্যাটাস যাচাই ছাড়াই প্রবেশ করতে পারায় অনেক কোভিড রোগীও দর্শক গ্যালারিতে পৌঁছাতে পেরেছিলেন এদিন। এখন প্রমাণ পাওয়া যাচ্ছে, ইউরো চলাকালীন একাধিক ম্যাচে শত শত ফুটবল ভক্ত ওয়েম্বলি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

খবরে বলা হয়, ব্রিটেনের মধ্যে ওয়েম্বলি সব থেকে বড় স্টেডিয়াম। তবে কোভিড মহামারির কারণে সবগুলো আসন পূরণের অনুমোদন ছিল না। তারপরেও কোভিড আক্রান্তরা স্টেডিয়ামে প্রবেশ করায় খেলা দেখতে আসা শত শত মানুষ কোভিডে আক্রান্ত হয়েছেন ওয়েম্বলি থেকে। গ্রুপ স্টেজে ইংল্যান্ড বনাম স্কটল্যান্ডের খেলা দেখার পর স্কটল্যান্ড ভক্তদের মধ্যেও কোভিডের বড় সংক্রমণ শনাক্ত হয়েছিল।

সেমি ফাইনাল ও ফাইনাল ম্যাচ দেখার পর কোভিড আক্রান্ত হওয়া কেইথ ম্যাপেল নামের একজন জানান, এনএইচএস এর কোভিড পাসের স্ক্রিনশট দেখিয়েই তিনি খেলা দেখতে পেরেছিলেন। তার থেকে কোনো ধরণের আইডি দেখতে চাওয়া হয়নি কিংবা তার স্ক্রিনও স্ক্যান করা হয়নি। অর্থাৎ, কোনোভাবেই নিশ্চিত হওয়ার উপায় নেই যে আমি কোভিড নিয়েই স্টেডিয়ামে গিয়েছিলাম কিনা।

আরেকজন ভক্ত জানান, তিনি যাদের সঙ্গে স্টেডিয়ামে বসে ইউরো দেখেছিলেন তাদের সবাইই ওয়েম্বলি ভ্যারিয়েন্টে আক্রান্ত হয়েছেন।

ইন্ডিপেন্ডেন্টকে লন্ডন স্কুল অব হাইজিন এন্ড ট্রপিক্যাল মেডিসিনের প্রফেসর মার্টিন ম্যাককি বলেন, যখন আমরা জানলাম ইউরোর ফাইনাল ব্রিটেনের রাজধানীতে হচ্ছে তখনই আমরা উদ্বিগ্ন হয়ে উঠেছিলাম। এখন মনে হচ্ছে, আমাদের ভয়ই ঠিক ছিল। আমরা জানতে পেরেছি যে, যারা স্টেডিয়ামে গিয়েছিলেন তাদের অনেকেরই কোভিড শনাক্ত হয়েছে। তবে এখনো সবকিছু নিশ্চিত করে বলা যাচ্ছে না।

প্রসঙ্গত, দেশটির সরকার আগেই জানিয়েছিল, স্টেডিয়ামে গিয়ে খেলা দেখতে হলে সবার বাধ্যতামূলকভাবে কোভিড নেগেটিভ পরীক্ষার ফল কিংবা দুই ডোজ ভ্যাকসিন গ্রহণের সার্টিফিকেট দেখাতে হবে। কিন্তু টিকিট কেনা দর্শকরা জানান, তাদেরকে ভালোভাবে পরীক্ষা না করেই স্টেডিয়ামে প্রবেশ করতে দেয়া হয়েছিল।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026