হার্ড ইমিউনিটি অর্জনের যে সমীকরণ এতোদিন ছিল তা বদলে দিয়েছে কোভিডের ডেল্টা ভ্যারিয়েন্ট। অক্সফোর্ড ভ্যাকসিনের একজন ডেভেলপার স্যার অ্যান্ড্রু পোলার্ড এ দাবি করেছেন। মঙ্গলবার ব্রিটেনের সংসদীয় এক বৈঠকে তিনি এ কথা জানান।
অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের এই প্রফেসর বলেন, ডেল্টা ভ্যারিয়েন্টের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন কোনো সম্ভাব্য বিষয় নয়। আমরা স্পষ্টভাবেই জানি, দুই ডোজ ভ্যাকসিন দেয়ার পরেও যে কেউ ডেল্টা ভ্যারিয়েন্টে আক্রান্ত হতে পারেন। অর্থাৎ, যারা ভ্যাকসিন গ্রহণ করেনি তারা কখনো না কখনো কোভিডে আক্রান্ত হবেনই। তিনি আরও বলেন, দুঃখজনক বিষয় হলো, আমরা কখনোই আর হার্ড ইমিউনিটি অর্জন করতে পারব না। কোভিডের পরবর্তী ভ্যারিয়েন্ট হয়তো ভ্যাকসিন গ্রহনকারীদের মধ্যে আরও অধিক সংক্রমণশীল হতে পারে।
যদিও অনেক বিশেষজ্ঞ মনে করেন হামের ক্ষেত্রে যেভাবে হার্ড ইমিউনিটি অর্জন করা গেছে, কোভিডের ক্ষেত্রেও সেটি করা যাবে। ৯৫ শতাংশ মানুষকে ভ্যাকসিন প্রয়োগের মাধ্যমে হামের বিরুদ্ধে হার্ড ইমিউনিটি অর্জন করেছে বহু দেশ। কারণ, যে একবার হামের ভ্যাকসিন নিয়েছে সে আর কাউকে সংক্রমিত করতে পারবে না। কোভিডের ক্ষেত্রে সেটি হয়নি। কোভিড ভ্যাকসিন মানুষকে গুরুতর অসুস্থ হওয়া থেকে বাঁচাতে পারলেও অন্যকে সংক্রমিত করা থেকে পুরোপুরি নিরাপদ করতে পারেনি।
পোলার্ড বলেন, আমাদের কাছে এখন কিছুই নেই যা মানুষকে কোভিড সংক্রমণ থেকে বাঁচাতে পারে। এর সব থেকে ভাল উদাহরণ হতে পারে ইসরাইল। দেশটি পূর্ন বয়স্ক নাগরিকদের ৮০ শতাংশকেই ভ্যাকসিনের আওতায় নিয়ে এসেছে। তারপরেও সেখানে হার্ড ইমিউনিটি অর্জন সম্ভব হয়নি। ডেল্টা ভ্যারিয়েন্ট ছড়িয়ে পরার পর সেখানে আবারও নতুন করে কোভিড রোগী বাড়তে শুরু করেছে।
Leave a Reply