সিলেটের ওসমানীনগরের কাগজপুরে বাংলাদেশ সরকার প্রস্তাবিত টেকনিক্যাল কলেজ প্রতিষ্ঠার দাবি জানানো হয়েছে। গত ১৫ সেপ্টেম্বর লণ্ডন বাংলা প্রেস ক্লাবে সাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে কর্তৃক আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।
সাদিপুর ওয়েলফেয়ার এসোসিয়েশন ইউকে‘র পক্ষে এ দাবির প্রেক্ষিতে যৌক্তিকতা তুলে ধরে বলা হয় যে, কাগজপুর হচ্ছে ওসমানীনগরের প্রাণকেন্দ্র। কাগজপুর একটি সেন্টার পয়েন্ট ও চার উপজেলার মিলনস্থল ।এ এলাকার বুক চিরে সিলেট-ঢাকা মহাসড়কের অবস্থান।তদুপরি এলাকাবাসী বিনামূল্যে ৪৪ কোটি টাকার জায়গা দিতে প্রকিশ্রূতিবদ্ধ।
উক্ত সংবাদ সম্মেলনে সভাপতিত্ব করেন সংগঠনের সভাপতি সাংবাদিক সাদেক আহমদ। আরো বক্তব্য রাখেন, সংগঠনের উপদেষ্টা তোফায়েল আহমদ, উপদেষ্টা হান্নান মিয়া, উপদেষ্টা সৈয়দ শাব্বির আহমদ, সাধারণ সম্পাদক দিলওয়ার হোসেন, আব্দুল ওয়াদুদ দীপক, আলী আহমদ, জুলফিকার আলী, সেলিম আহমদ প্রমুখ।
সভায় অভিযোগ করে বলা হয়, এক শ্রেণীর স্বার্থান্বেষী মহল উপজেলা নির্বাহী কর্মকর্তার সাথে যোগসাজস করে অন্য একটি অনুন্নত স্থানে জমি অধিগ্রহণের নামে লাখ লাখ টাকা আত্মসাৎ করতে চায়। সংবাদ সম্মেলনে জানানো হয়, কাগজপুরে টেকনিকেল কলেজ প্রতিষ্ঠা হলে শেরপুর অর্থনৈতিক অঞ্চলের হাজার হাজার কর্মকর্তা ও কর্মচারীর সন্তানরা এবং স্থানীয় বাসিন্দাদের ছেলে-মেয়েরা লেখাপড়ার সুযোগ পাবে। কাগজপুরে জায়গা চিহ্ণিত করা হলে মাটি ভরাটের জন্য প্রবাসীরা আর্থিক অনুদান দিবেন।
টেকনিক্যাল কলেজের ব্যাপারে স্থানীয় এমপি মোকাব্বির খানের সাথে যোগাযোগ করলে তিনি ডিও লেটার পাঠান ও জাতীয় সংসদে বিষয়টি উত্থাপন করেন। বক্তারা বলেন, কাগজপুরসহ তিন ইউনিয়নে উল্লেখযোগ্য কোন শিক্ষা প্রতিষ্ঠান নেই। তাই টেকনিক্যাল কলেজ কাগজপুরেই স্থাপন করতে হবে বলে জোর দাবি জানানো হয়।
Leave a Reply