ফ্রান্সের প্রেসিডেন্ট এমানুয়েল ম্যাক্রোঁর দিকে ডিম ছুড়েছেন এক যুবক। ফ্রান্সের দক্ষিণপূর্বাঞ্চলীয় লিয়ন শহরে সোমবার আন্তর্জাতিক ক্যাটারিং, হোটেল এবং খাদ্য বাণিজ্য মেলা পরিদর্শনের সময় ম্যাক্রোঁর দিকে ডিম ছোড়া হয় বলে গণমাধ্যমের প্রতিবেদনে বলা হয়েছে।
ডিমটা ম্যাক্রোঁর কাঁধে লেগে নিচে পড়ে যায় বলে ওই প্রতিবেদনে জানা গেছে। ম্যাক্রোঁর জন্য মেলার আয়োজনকারীদের উষ্ণ অভ্যর্থনার মধ্যেই এই ঘটনা ঘটল। হামলাকারীকে সঙ্গে সঙ্গে ঘটনাস্থল থেকে সরিয়ে দেওয়া হয়। হামলাকারীর সঙ্গে পরে কথা বলার চেষ্টা করবেন বলে জানিয়েছেন ম্যাক্রোঁ। তবে ওই যুবকের পরিচয় জানানো হয়নি।
সোমবারের এই ঘটনা প্রসঙ্গে ফরাসি প্রকাশনা লিও ম্যাগের সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো বলেন, আমার চোখের সামনেই ডিমটি প্রেসিডেন্টের ঘাড়ে পড়ার পর মেঝেতে পড়ে ফেটে যায়। সিরহা ফুড অ্যান্ড হসপিটালিটি মেলায় ঘটে যাওয়া ওই ঘটনার একটি ভিডিও ফুটেজ টুইটারে প্রকাশ করেছে লিও ম্যাগ।
এতে দেখা যায় ভিড়ের মধ্যে প্রেসিডেন্টের ঘাড়ের ওপর কিছু একটা পড়লে তটস্থ হয়ে ওঠে সকলে। পরে ভিড়ের মধ্যে এক ব্যক্তিকে আটক করতে দেখা যায় কর্মকর্তাকে। ওই ঘটনার উদ্দেশ্য এখনও পরিস্কার নয়। সাংবাদিক ফ্লোরেন্স ল্যাগো জানিয়েছেন তিনি এক তরুণকে ডিম ছুড়তে দেখেছেন তবে তাকে কোনও কিছু চিৎকার করে বলতে শোনেননি। তিনি জানিয়েছেন, নিরাপত্তা কর্মকর্তারা তাৎক্ষণিকভাবে ওই ব্যক্তিকে ঘিরে ধরে সেখান থেকে নিয়ে যায়।
ঘটনার সময়ে প্রেসিডেন্টের সঙ্গে থাকা এলিসি প্রাসাদের এক মুখপাত্র দাবি করেছেন ঘটনাটির অতিরঞ্জিত করা হচ্ছে। তিনি বলেন, ‘প্রেসিডেন্ট প্রায় দুই ঘণ্টা হেঁটেছেন, তাকে উষ্ণ অভ্যর্থনা জানানো হয়েছে আর সবকিছু শান্ত ছিলো। এটা নিয়ে বলার কিছুই নেই কারণ এতে হাঁটারই কোনও সমস্যা হয়নি। আমি প্রেসিডেন্টের সঙ্গেই ছিলাম আমি বলতে পারি এটা কোনও খবরই নয়।’
ফ্রান্সের নির্বাচনের এক বছরেরও কম সময় বাকি আছে। এই সময়ে ভোটারদের কাছাকাছি যেতে চাইছেন ইমানুয়েল ম্যাক্রোঁ। গত জুনে আঞ্চলিক নির্বাচনে দুর্বল ফলাফল করে তার দল। আগামী বছরের নির্বাচনকে সামনে রেখে এই নির্বাচনকে বেশ গুরুত্ব দিয়ে দেখা হচ্ছিলো। তবে কম ভোট পড়ার দিকে ইঙ্গিত করে রাজনৈতিক বিশ্লেষকেরা বলছেন, এনিয়ে চূড়ান্ত সিদ্ধান্তে পৌঁছানো কঠিন।
উল্লেখ্য, ফ্যান্সের রাজনীতিবিদদের ওপর ডিম হামলার ঘটনা বিরল নয়। ম্যাক্রোঁও এর আগে ডিম বিড়াম্বনার শিকার হয়েছেন। ২০১৭ সালে ম্যাক্রোঁ যখন প্রেসিডেন্ট নির্বাচনের প্রার্থী ছিলেন, তখন প্যারিসের জাতীয় কৃষি মেলায় ভীড়ের মধ্যে থেকে তার মাথায় ডিম ছুড়ে মারা হয়েছিল।
কয়েকমাস আগেই ফ্রান্সের দেশটির দক্ষিণ-পূর্বাঞ্চলের এক শহরে পূর্বনির্ধারিত সফরে গিয়ে প্রকাশে চড় খান ম্যাঁক্রো। প্রেসিডেন্ট ব্যারিকেডের বাইরে থাকা জনতার সঙ্গে হাত মেলাতে গেলে ড্যামিয়েন ট্যারেল (২৮) নামে এক যুবক তাকে চড় মারেন।
Leave a Reply