শুক্রবার দুপুরে নির্বাচনি এলাকার ভোটারদের সঙ্গে বৈঠককালে ছুরিকাঘাতে নিহত হন ক্ষমতাসীন কনজারভেটিভ পার্টির এমপি ডেভিড অ্যামেস। এ ঘটনায় ছুরিসহ আটক হওয়া ঘাতক ২৫ বছরের সোমালীয় বংশোদ্ভূত এক ব্রিটিশ নাগরিককে শুক্রবার ঘটনার পরপরই গ্রেফতার করে পুলিশ।
এদিকে, এমপি খুনের ঘটনার সঙ্গে জঙ্গিবাদের সম্পর্ক রয়েছে। পুলিশের এমন সন্দেহের খবরে দেশটির মুসলিম কমিউনিটিতে নতুন করে উদ্বেগ ছড়িয়ে পড়েছে। শনিবার সকালে তার পরিচয় প্রকাশ করা হয়। এদিন এই হত্যাকাণ্ডের ঘটনায় মুসলিম জঙ্গিদের সংশ্লিষ্টতার কথা জানায় পুলিশ।
ব্রিটিশ সরকারের গোয়েন্দা সংস্থাগুলো দেশটিতে জঙ্গি হামলার শঙ্কার কথা জানান দিচ্ছিল। এর মধ্যেই একজন পার্লামেন্টারিয়ানের হত্যার ঘটনায় মুসলিম জঙ্গিবাদের সংশ্লিষ্টতার খবরকে উদ্বেগজনক হিসেবে দেখছেন মুসলিম কমিউনিটির নেতারা। যুক্তরাজ্যে মুসলিমদের সংখ্যা ক্রমেই বাড়ছে। ৩০ লাখের বেশি মুসলিমের মধ্যে অন্তত সাত লাখই বাংলাদেশি বংশোদ্ভূত।
এই ঘটনায় যুক্তরাজ্যে ইউকিপ, উগ্র ডানপন্থী ব্রিটিশ ন্যাশনাল পার্টির মতো বর্ণবাদী দলগুলো সুযোগ পাবে। অতীতের ঘটনাগুলো পর্যালোচনা করলে দেখা যায়, এ ধরনের কোনও জঙ্গি হামলার পর যুক্তরাজ্যে হেট ক্রাইম বা বিদ্বেষমূলক অপরাধ বেড়ে যায়। আর এসবের লক্ষ্যবস্তুতে পরিণত হন মুসলিমরা। বিশেষ করে দাড়িওয়ালা মানুষ, হিজাব পরিহিতা মুসলিম নারীরা হামলার লক্ষ্যবস্তুতে পরিণত হন।
দেশটির ব্রিটিশ মুসলিমদের মতে, তাদের এখন বেকায়দায় ফেলবে। তবে নিরাপত্তার জন্য এখন ব্রিটিশ সরকার যে আইন করবে তাতে মুসলমানদের আলাদা করে উদ্বিগ্ন হওয়ার কোনও কারণ আছে বলে মনে হয় না। মিডিয়া একে মুসলিম নাম দেবে। কিন্তু উগ্রবাদীর কোনও ধর্ম নেই। যেমন এমপি জো কক্সের হত্যাকারীরও ছিল না। ব্রিটিশ মুসলমানদের উচিৎ, এই অপরাধী ও অপরাধের বিরুদ্বে কথা বলা, জনমত গঠনে কাজ করা।
যুক্তরাজ্যের মুসলিম কমিউনিটিতে এই মুহূর্তে বাংলাদেশিরা নানা সেক্টরে নেতৃত্ব দিচ্ছে। এই সময়ে এই ঘটনা নিঃসন্দেহে মুসলিম কমিউনিটির জন্য উদ্বেগের। এই ঘটনা নিঃসন্দেহে ব্রিটিশ মুসলিমদের বিপাকে ফেলবে কমিউনিটি নেতৃবৃন্দ।
Leave a Reply