শীর্ষবিন্দু নিউজ: বৃহত্তর নোয়াখালীর বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রে নতুন কূপে গ্যাস পাওয়া গেছে। আজ সোমবার কূপটি থেকে গ্যাস পাওয়া সম্পর্কে নিশ্চিত হয়েছে পেট্রোবাংলা। পেট্রোবাংলার চেয়ারম্যান হোসেন মনসুর আজ এ তথ্য জানিয়েছেন।
স্বাধীনতার পরই বেগমগঞ্জ গ্যাসক্ষেত্রটি আবিষ্কৃত হয়। তবে ক্ষেত্রটি থেকে এত দিন গ্যাস তোলার কোনো উদ্যোগ নেওয়া হয়নি। এবারই প্রথম ক্ষেত্রটিতে কূপ খনন করা হয়েছে। আর নতুন এই কূপটি খনন করেছে রাশিয়ার কোম্পানি গ্যাজপ্রম।
পেট্রোবাংলার চেয়ারম্যান জানান, আজ এই কূপটিতে গ্যাসের চাপ ছিল তিন হাজার পিএসআই (প্রতি বর্গ ইঞ্চিতে তিন হাজার পাউন্ড)। কূপটি থেকে এখনই প্রতিদিন ১২ মিলিয়ন ঘনফুট করে গ্যাস তোলা সম্ভব। পর্যায়ক্রমে এটা ২০ মিলিয়ন ঘনফুটে উন্নীত করা যাবে।
তবে এই কূপের গ্যাস জাতীয় গ্রিডে দেওয়ার জন্য সাত কিলোমিটার নতুন পাইপলাইন করতে হবে। গ্যাজপ্রম এটি নিয়ে মোট তিনটি কূপ খনন করল। এর আগে ফ্রিকাইল ও তিতাস ২০ নম্বর কূপ দুটি তারা খনন করেছে। তারা মোট ১০টি কূপ খনন করবে। তার অংশ হিসেবে বর্তমানে তিতাস ২১ নম্বর কূপে তারা খননকাজ চালাচ্ছে।