শুক্রবার, ০১ মে ২০২৬, ১০:৫৫

স্থানীয় আ.লীগের নেতাকর্মীবিহীন সিসিকের সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী

স্থানীয় আ.লীগের নেতাকর্মীবিহীন সিসিকের সংবর্ধনায় পররাষ্ট্রমন্ত্রী

সিলেট সিটি করপোরেশন (সিসিক) মেয়র আরিফুল হক চৌধুরী বিএনপিদলীয় হওয়ায় শুরু থেকেই এই আয়োজনে যোগদান না করতে পররাষ্ট্রমন্ত্রীকে পরমর্শ দিয়ে আসছিল স্থানীয় আওয়ামী লীগ। কিন্তু নাগরিক সংবর্ধনা অনুষ্ঠানে যোগ দেন পররাষ্ট্রমন্ত্রী। তবে স্থানীয় আওয়ামী লীগের নেতাকর্মীরা অনুষ্ঠানে যোগ দেননি।

সিলেটের উন্নয়নে বিশেষ অবদান রাখায় পররাষ্ট্রমন্ত্রী ও সিলেট-১ আসনের সংসদ সদস্য ড. এ কে আব্দুল মোমেনকে নাগরিক সংবর্ধনা দিয়েছে সিসিক। বুধবার বেলা ৩টায় স্থানীয় রেজিস্ট্রারি মাঠে সংবর্ধনার আয়োজন করা হয়। দুপুর থেকে রেজিস্ট্রারি মাঠের সংবর্ধনা অনুষ্ঠানস্থলে দলমতনির্বিশেষে লোকজন আসতে থাকেন। বেলা ৩টায় কানায় কানায় ভর্তি হয়ে যায় রেজিস্ট্রারি মাঠ। বেলা ৩টা ১০ মিনিটের দিকে অনুষ্ঠানস্থলে পৌঁছান পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেন।

সিলেট সিটি করপোরেশনের (সিসিক) মেয়র ও বিএনপি নেতা আরিফুল হক চৌধুরীর বিভিন্ন সময় আওয়ামীবিরোধী বক্তব্য প্রদানের অজুহাতে পররাষ্ট্রমন্ত্রীর সংবর্ধনা অনুষ্ঠান সিলেট জেলা ও মহানগর আওয়ামী লীগের নেতারা ‘বয়কট’ করলেও আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল যোগ দেন।

স্বাগত বক্তব্যে মেয়র আরিফুল হক চৌধুরী সিলেট নগরীর উন্নয়নে সাবেক অর্থমন্ত্রী আবুল মাল আব্দুল মুহিত ও পররাষ্ট্রমন্ত্রী ড. এ কে আব্দুল মোমেনের প্রচেষ্টার কথা তুলে ধরেন। মেয়র বলেন, সাড়ে ২৬ বর্গকিলোমিটারের সিটি করপোরেশন এখন প্রায় তিন গুণ আয়তন বেড়েছে পররাষ্ট্রমন্ত্রীর প্রচেষ্টায়। সিলেট-ঢাকা ৬ লেনসহ নগরীতে যে উন্নয়ন সাধিত হচ্ছে তাতে অনেক অবদান রয়েছে মুহিত ও মোমেনের। একটি মডেল নগরী গড়তে দলমতনির্বিশেষে সবার সহযোগিতা চাই।

প্রধান অতিথির বক্তব্যে ড. এ কে আব্দুল মোমেন শুরুতেই সিলেট সিটি করপোরেশনকে আয়োজনের জন্য ধন্যবাদ জানান। তিনি বলেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সিলেটের প্রতি খুব সদয়। সিলেটের উন্নয়নে বরাদ্দ দিতে তিনি দ্বিধা করেন না। না চাইতেও প্রধানমন্ত্রীর কাছ থেকে অনেক কিছু পাচ্ছে সিলেট। সিলেট নগরীর উন্নয়নে ১২২৮ কোটি টাকা দিয়েছে সরকার। সিলেটের যোগাযোগব্যবস্থা, রাস্তাঘাট উন্নত হচ্ছে। এয়ারপোর্ট অত্যাধুনিক হচ্ছে। স্বাস্থ্য খাতে ব্যাপক উন্নয়ন হচ্ছে। শিক্ষা খাতে উন্নয়নের ক্ষেত্রে বৃহত্তর সিলেটের প্রতিটি কলেজে বিশেষ অনুদান দেওয়া হয়েছে। সব মিলিয়ে মডেল সিলেট গড়ে তোলা হচ্ছে।

তিনি বলেন, টাকা শুধু পেলেই হয় না। টাকা কাজে লাগাতে হয়। টাকা আগেও দিয়েছিলেন আমাদের অর্থমন্ত্রী। কিন্তু ফেরত গেছে। বর্তমান সিলেট সিটি করপোরেশনের মেয়র ও কাউন্সিলররা টাকা কাজে লাগাচ্ছেন। ফলে সিলেটের উন্নয়ন হচ্ছে। পররাষ্ট্রমন্ত্রী বলেন, এই সিলেট নগরী আপনার, আমার-সবার। কে কোন মতের-দলের, সেটা দেখার বিষয় নয়। আমরা সবাই সিলেটের-এটাই মূল বিষয়। এখানকার ছেলে আমি, আমাদের সবার হৃদয়ে সিলেট।

সিটি মেয়র আরিফুল হকের সমালোচনাকারীদের উদ্দেশে ড. মোমেন বলেন, আমার কাছে কেউ কেউ বলেন যে, মেয়র অন্য দলের। সুতরাং আপনি ওনার অনেক প্রস্তাব গ্রহণ করবেন না। আমি বলি, সিলেট তো আমারও। মেয়র সাহেবরও (আরিফের)। সুতরাং, বৃহত্তর সিলেটের মঙ্গলের জন্য সব করতে হবে।

ড. এ কে আব্দুল মোমেন আরও বলেন, আমাকে কেউ কেউ বলেছেন, আজকের আয়োজন আরিফ করেছেন। আমি বলেছি, আরিফ সাহেব করেননি। করেছে সিটি করপোরেশন। বরং আপনাদের লজ্জা লাগা উচিত এই কারণে যে, মাননীয় প্রধানমন্ত্রী যে এত ভালো কাজ করছেন, একজন অন্য দলের লোক সেটি স্বীকার করছে। সেটা গ্রহণ করতেছে। আপনাদের তো ভালো লাগার কথা। আমি তো হলাম অসিলা মাত্র। তারা আমাকে নয়, সম্মান দিচ্ছেন প্রধানমন্ত্রীকে। যিনি আমাদের প্রতি সদয় হয়ে এতকিছু করছেন। সুতরাং সিলেটের উন্নয়নে সবাই মিলেমিশে কাজ করতে হবে।

অনুষ্ঠানে সভাপতিত্ব করেন মেয়র আরিফুল হক চৌধুরী। অনুষ্ঠানে স্বাগত বক্তব্য দেন সংবর্ধনা অনুষ্ঠানের সভাপতি ও সিটি মেয়র আরিফুল হক চৌধুরী। আমন্ত্রিত অতিথিদের মধ্যে বক্তব্য দেন আওয়ামী লীগের কেন্দ্রীয় সাংগঠনিক সম্পাদক শফিউল আলম চৌধুরী নাদেল, বীর মুক্তিযোদ্ধা রফিকুল ইসলাম, সিলেট প্রেস ক্লাবের সভাপতি ইকবাল সিদ্দিকী, সিলেট জেলা প্রেস ক্লাবের সভাপতি আল আজাদ, সিলেট চেম্বার অব কমার্স অ্যান্ড ইন্ডাস্ট্রিজের সভাপতি তাহমিন আহমেদ প্রমুখ।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০
১১১২১৩১৪১৫১৬১৭
১৮১৯২০২১২২২৩২৪
২৫২৬২৭২৮২৯৩০৩১
All rights reserved © shirshobindu.com 2012-2026