শনিবার, ২৮ নভেম্বর ২০২৬, ০৪:৫০

অর্থের প্রলোভনে চীনা বিমানবাহিনীতে চাকরি নিচ্ছেন ব্রিটিশ সামরিক পাইলটরা

অর্থের প্রলোভনে চীনা বিমানবাহিনীতে চাকরি নিচ্ছেন ব্রিটিশ সামরিক পাইলটরা

বিপুল অর্থের প্রলোভন দেখিয়ে যুক্তরাজ্যের সাবেক সামরিক পাইলটদের প্রলুব্ধ করছে চীন। চীনের সশস্ত্র বাহিনীকে আরও দক্ষ করার জন্য সাবেক ব্রিটিশ সামরিক পাইলটদের বিপুল অর্থের প্রলোভন দিচ্ছে চীন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয় ও পশ্চিমা কর্মকর্তারা এই দাবি করেছে। মঙ্গলবার (১৮ অক্টোবর) এক প্রতিবেদনে এই তথ্য জানায় ব্রিটিশ সংবাদমাধ্যম বিবিসি।

ব্রিটেনের বিমান বাহিনীর অন্তত ৩০ জন বৈমানিক বছরে আড়াই লাখ পাউন্ডের চাকরি পেয়েছেন চীনা বিমান বাহিনীতে। তারা চীনা বৈমানিকদের প্রশিক্ষণ দিচ্ছেন কিভাবে পশ্চিমা দেশগুলোর বিমান গুলি করে ভূপাতিত করতে হয়।

প্রাক্তন ব্রিটিশ ফাইটার পাইলটদের চীনাদের প্রশিক্ষণ দেয়ার বিষয়টি সম্পর্কে সতর্ক করে দেওয়া হয়েছে যাতে এধরনের আরো বৈমানিক চীনে চলে যেতে না পারে। সম্প্রতি লোভনীয় চাকরির অফার পেয়ে অন্তত ৩০ জন ব্রিটিশ পাইলটের চীনে চলে যাওয়ার খবরটি জানাজানি হলে এ নিয়ে বিতর্কের ঝড় উঠেছে। আইনি ফাঁকফোকরের কারণে, এভাবে ব্রিটিশ পাইলটদের চীনে চলে যাওয়ার বিষয়টি ব্রিটেনের জাতীয় নিরাপত্তার জন্য একটি সম্ভাব্য হুমকি হিসেবে দেখা হচ্ছে।

ভবিষ্যতের যেকোনো সংঘর্ষে চীনা পাইলটরা ব্রিটিশ পাইলটদের প্রশিক্ষণ পেয়ে অতিরিক্ত সুবিধা পাবে। চীনের পিপলস লিবারেশন আর্মির পক্ষে কাজ করা মধ্যস্থতাকারীরা আরও ব্রিটেনের রয়্যাল এয়ার ফোর্সের শীর্ষস্থানীয় পাইলটদের সাথে যোগাযোগ করেছেন।

কিন্তু তারা প্রস্তাবগুলি প্রত্যাখ্যান করেছেন। পশ্চিমা কর্মকর্তারা বলেছেন যে ব্রিটেন তার  মিত্রদের সাথে আলোচনা করছে যে কীভাবে চীনা প্রস্তাবগুলো প্রত্যাখ্যান বা এই বিষয়ে প্রতিক্রিয়া জানাতে হবে। ডেইলি মেইল জানতে পেরেছে অস্ট্রেলিয়া এবং কানাডার ফাস্ট-জেট পাইলটদেরও চীনের কাছ থেকে বড় অংকের বেতনে বিশাল চুক্তির প্রলোভন দেওয়া হয়েছে।

চীন ২০৪৯ সালের মধ্যে বিশ্বের সবচেয়ে প্রভাবশালী সামরিক শক্তি হতে চায়। বিমানবাহী রণতরী, স্টিলথ জেট এবং অস্ত্রশস্ত্রে বিপুল বিনিয়োগের কারণে দেশটির সশস্ত্র বাহিনী দ্রুত সম্প্রসারিত হচ্ছে। যখন চীনকে ব্রিটেন সম্ভাব্য প্রতিযোগী ও ‘হুমকি’ হিসেবে দেখছে তখন দেশটির পাইলটদের চীনা পাইলটদের প্রশিক্ষণ দেওয়ার বিষয়টি ব্রিটেনে সাড়া ফেলেছে।

চীনা বিমান বাহিনীতে ৪ লাখ কর্মী রয়েছে। ২০১৭ সালে চীন জে-২০ স্টিলথ জেট বিমান পশ্চিমা সমর বিশেষজ্ঞদের মুগ্ধ করে। চীনের প্রতিরক্ষা ব্যয় বছরে প্রায় ৭ শতাংশ বৃদ্ধি পেয়ে ২শ বিলিয়ন পাউন্ডের কাছাকাছি পৌঁছেছে। চীন ইতিমধ্যে বিশ্বের বৃহত্তম নৌবাহিনী গড়ে তুলেছে এবং বাহিনীতে কমপক্ষে ৩৬০টি যুদ্ধ জাহাজ ছাড়াও তিনটি বিমানবাহী রণতরী রয়েছে।

অবশ্য সম্ভাব্য যেসব ব্রিটিশ পাইলটরা চীনে চাকরি নিয়ে যেতে চান তাদের হুমকি দিয়ে নির্দেশিকা জারি করা হয়েছে। তাদের কর্মসংস্থানের সময় অর্জিত সংবেদনশীল তথ্য রক্ষা করার জন্য বাধ্যবাধকতার কথাও মনে করিয়ে দেওয়া হচ্ছে।

পশ্চিমা কর্মকর্তাদের মতে, চীনের বৈমানিকদের অনুশীলনটি ২০১৯ সালে শুরু হয়েছিল, মহামারী চলাকালীন তা ধীর হয়ে গিয়েছিল, তারপরে চীনে কোভিড বিধিনিষেধ তুলে নেওয়ার পর এটি বাড়ানো হয়। প্রশিক্ষণের জন্যে চীনারা দক্ষিণ আফ্রিকার একটি প্রাইভেট ফ্লাইং একাডেমি ব্যবহার করে। এমনকি ব্রিটেনের সামরিক হেলিকপ্টার পাইলটদের সঙ্গেও চীনারা যোগাযোগ শুরু করেছেন।

প্রতিবেদনে বলা হয়, চীনের বিপুল অর্থের প্রলোভনে সাবেক ব্রিটিশ পাইলটরা সাড়া দিচ্ছেন। ৩০ জনের মতো যুক্তরাজ্যের সামরিক পাইলট ইতোমধ্যেই চীনের পিপলস লিবারেশন আর্মির সদস্যদের প্রশিক্ষণ দিতে চীনে গিয়েছিলেন বলে মনে করা হচ্ছে।

বিবিসি জানায়, যুক্তরাজ্য সাবেক ব্রিটিশ সামরিক পাইলটদের চীন সামরিক বাহিনীর হয়ে কাজ করার বিরুদ্ধে সতর্ক করার জন্য একটি গোয়েন্দা সতর্কতা জারি করছে। এই ধরনের পাইলটদের খুঁজে বের করার প্রচেষ্টা অব্যাহত রয়েছে। সম্প্রতি তা আরও জোরালো করা হয়েছে বলেও পশ্চিমা কর্মকর্তারা জানিয়েছেন।

যুক্তরাজ্যের প্রতিরক্ষা মন্ত্রণালয়ের (এমওডি) একজন মুখপাত্র জানান, অর্থের বিনিময়ে প্রশিক্ষণ এবং পাইলটদের নিয়োগ যুক্তরাজ্যের বর্তমান কোনো আইনের লঙ্ঘন করে না। তবে যুক্তরাজ্য এবং অন্যান্য দেশের কর্মকর্তারা এই কার্যকলাপকে বাধা দেওয়ার চেষ্টা করছেন।

বিবিসি জানায়, পশ্চিমা যুদ্ধবিমান ও পাইলটরা যেভাবে কাজ করে তা বোঝার জন্য অবসরপ্রাপ্ত ব্রিটিশ পাইলটদের ব্যবহার করা হচ্ছে। এসব তথ্য তাইওয়ানের মতো কোনো সংঘর্ষের ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হয়ে উঠতে পারে।

একজন পশ্চিমা কর্মকর্তা জানান, চীনের বিমান বাহিনীর কৌশল এবং সক্ষমতা বিকাশে সাহায্য করার জন্য দেশটি পশ্চিমা সামরিক পাইলটদের দুর্দান্ত অভিজ্ঞতা গ্রহণ করছে।

২০১৯ সালে সাবেক সামরিক পাইলট নিয়োগের অল্প সংখ্যক ঘটনা সম্পর্কে প্রথম জানতে পারে যুক্তরাজ্য। এরপর বিশ্বজুড়ে করোনা মহামারি দেখা দেয় এবং এতে করে চীনের সেই প্রচেষ্টায় ধীরগতি আসে।

মহামারির মধ্যে চীনে ভ্রমণ প্রায় অসম্ভব ছিল। কিন্তু মহামারির প্রকোপ কমে আসার পর এখন আবার সেই প্রচেষ্টা বেড়েছে। ফলে এই সতর্কতা জারি করা হয়েছে।

একজন পশ্চিমা কর্মকর্তা সাংবাদিকদের জানান, চীনের এই প্রচেষ্টায় তারা উল্লেখযোগ্যভাবে বৃদ্ধি দেখতে পাচ্ছেন। বর্তমান কর্মরত সামরিক কর্মীদেরও টার্গেট করা হচ্ছে কিন্তু তাদেরও কেউই সেসব প্রস্তাব গ্রহণ করেনি বলেই মনে করা হচ্ছে।

চীনে ব্রিটিশ পাইলটদের চাকরির বিষয়টি পশ্চিমা সমরবিশেষজ্ঞরা ব্রিটেন ও পশ্চিমা স্বার্থের জন্য হুমকিস্বরূপ হিসেবে দেখছেন। তারা বলছেন এগুলি তৃতীয় পক্ষ দ্বারা পরিচালিত হচ্ছে এবং লাভজনক প্যাকেজগুলি খুব উদার। তারা প্রায় নিশ্চিতভাবেই চীনের পাইলটদের জ্ঞান ও সক্ষমতা বাড়াচ্ছে।

এর বিরুদ্ধে ব্যবস্থা না নিলে, এই কার্যকলাপ প্রায় নিশ্চিতভাবে ব্রিটেন ও মিত্রদের প্রতিরক্ষা সুবিধার ক্ষতি করবে। তারা এও বলছেন যদিও চীন থেকে এসব ব্রিটিশ পাইলটদের ফিরিয়ে আনার ব্যাপারে কোনো আইনী বাধ্যবাধকতা নেই, তারপরও এর বিরুদ্ধে প্রতিরোধমূলক পদক্ষেপ নিতে হবে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026