যেসব ব্রিটিশ নারীরা ইসলামিক স্টেটের হয়ে যুদ্ধ করতে গিয়েছিল তাদেরকে দেশে ফিরিয়ে নেয়া জরুরি। এমনটাই বলছেন ব্রিটিশ সরকারের সন্ত্রাসবাদ বিষয়ক পর্যবেক্ষক জনাথন হল কেসি।
২০১৯ সালে তাকে সন্ত্রাস আইনের উপর তদন্ত এবং রিপোর্ট করার দায়িত্ব দেয় ব্রিটিশ সরকার। তিনিই সম্প্রতি দাবি করেছেন, যুক্তরাষ্ট্র যেহেতু সিরিয়া থেকে তার নাগরিকদের ফিরিয়ে এনেছে, ব্রিটেনেরও উচিত সেটি অনুসরণ করা।
সম্প্রতি কিংস কলেজ লন্ডনে দেয়া এক ভাষণে জনাথন হল বলেন, ইসলামিক স্টেটের ঝুঁকির বিষয়টি এখন অন্যরকম হয়ে গেছে। তাছাড়া অন্য দেশগুলো যেখানে তাদের নাগরিকদের ফিরিয়ে নিচ্ছে, সেখানে ব্রিটেন একা এমন সিদ্ধান্তে অটল থাকলে সকলের চোখ এদিকেই আটকে থাকবে।
সিরিয়ার ক্যাম্পগুলোতে আটকে থাকা ব্রিটিশরা এখন লিম্বোতে আটকে আছে, তাদের জন্য সিদ্ধান্ত নেয়া প্রয়োজন। যুক্তরাষ্ট্র ও মিত্ররা একদিন চাপ দিতে শুরু করবে কিংবা তুরস্ক ওই অঞ্চলে সামরিক অভিযান চালাতে পারে। এছাড়া আদালতও এই রায় দিতে পারে বা শিবিরগুলোতে কোনো প্রাকৃতিক দুর্যোগ আঘাত হানতে পারে বলেও আশঙ্কা প্রকাশ করেন জনাথন হল।
ডেইলি মেইলের খবরে বলা হয়েছে, ইসলামিক স্টেটে যোগ দেয়া সব থেকে আলোচিত ব্রিটিশ হচ্ছেন শামীমা বেগম। মাত্র ১৫ বছর বয়সে ব্রিটেন ছেড়ে সিরিয়ায় যাওয়া শামীমা এখন দেশটিতে আলোচনার কেন্দ্রে। বর্তমানে সিরিয়ার একটি শিবিরে রয়েছেন তিনি। ইসলামিক স্টেটে যোগ দেয়ায় ২০১৯ সালে তার নাগরিকত্ব বাতিল করে দেয় ব্রিটিশ সরকার।
এরপর তিনি নাগরিকত্ব ফেরত পেতে অনবরত চেষ্টা চালিয়ে যাচ্ছেন। তবে জাতীয় নিরাপত্তার জন্য হুমকি বিবেচনায় তার ব্রিটেনে প্রবেশের অনুমতি মিলছে না। তবে শামীমা একাই নন, তার মতো অন্তত ৬০ ব্রিটিশ নারী ও শিশু বর্তমানে সিরিয়ায় রয়েছেন। তাদের সকলের নাগরিকত্বই বাতিল হয়েছে এমন নয়।
কিন্তু ব্রিটিশ সরকারের সাহায্য ছাড়া তারা সিরিয়ায় ছাড়তে পারছেন না। তাদেরকে দেশে ফিরিয়ে আনতে চাপের মুখে রয়েছে ব্রিটিশ সরকার। যুক্তরাষ্ট্র যদিও সিরিয়ায় যাওয়া নাগরিকদের দেশে ফিরিয়ে নিয়েছে।
Leave a Reply