ব্রিটেনে মুসলমানদের বিরুদ্ধে সবচেয়ে বেশি ঘটছে বিদ্বেষমূলক অপরাধ। ২০২৩ সালের মার্চে শেষ হওয়া বছরে ইংল্যান্ড ও ওয়েলসে বেশির ভাগ বিদ্বেষমূলক অপরাধ মুসলিমদের ওপর পরিচালিত হয়েছিল বলে দেশটির স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের সর্বশেষ তথ্যে প্রকাশিত হয়েছে।
বৃহস্পতিবার (৫ অক্টোবর) প্রকাশিত হোম অফিসের প্রকাশিত তথ্যে বলা হয়েছে, মুসলিমদের বিরুদ্ধে ৩ হাজার ৪৫২টি হামলা হয়েছে, যা এই সময়ের মধ্যে রিপোর্ট করা ঘৃণ্য অপরাধের ৩৯ শতাংশ।
উল্লেখ্য, ২০১২ সালের মার্চে এ-সংক্রান্ত তথ্য সংরক্ষণ শুরু হওয়ার পর থেকে এ বছর সর্বোচ্চ সংখ্যক ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের ঘটনা ঘটে। সামগ্রিকভাবে, ২০২২ সালের মার্চ মাস থেকে ২০২৩ সালের মার্চের মধ্যে ধর্মীয় বিদ্বেষমূলক অপরাধের সংখ্যা ৯ শতাংশ বেড়েছে।
মোট সংখ্যা ৮ হাজার ৬০২ থেকে বেড়ে ৯ হাজার ৩৮৭-তে পৌঁছেছে। গত বছর ধর্মীয় বিদ্বেষের দ্বিতীয় সর্বাধিক লক্ষ্যবস্তু গোষ্ঠী ছিল ইহুদিরা, যারা ১ হাজার ৫১০টি বিদ্বেষমূলক অপরাধের সম্মুখীন হয়েছিল। যেখানে খ্রিস্টানরা ৬৪৯টি ঘটনার শিকার হয়েছিল।
একই সময়কালে শিখদের বিরুদ্ধে ৩০৮টি হামলা, হিন্দুদের লক্ষ্য করে ২৯১টি এবং বৌদ্ধদের বিরুদ্ধে ১৯টি হামলার ঘটনা ঘটেছে।
Leave a Reply