লন্ডনে সফররত অন্তর্বর্তীকালীন সরকারের প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস ও বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের বৈঠক চলছে। লন্ডনের হোটেল ডোরচেস্টারে স্থানীয় সময় সকাল নয়টায় (বাংলাদেশ সময় বেলা দুইটায়) এই বৈঠক শুরু হয়।
বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান হোটেলে পৌঁছালে প্রধান উপদেষ্টা সভা কক্ষের দরজায় এসে তাকে স্বাগত জানান। এ সময় তারা কুশল বিনিময় করেন।
এ সময় বিএনপির স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী তারেক রহমানের সঙ্গে ছিলেন। প্রধান উপদেষ্টার সঙ্গে ছিলেন জাতীয় নিরাপত্তা উপদেষ্টা খলিলুর রহমান ও প্রেস সচিব শফিকুল আলম। কুশল বিনিময়ের পর ড. ইউনূস তারেক রহমানের সঙ্গে একান্ত বৈঠকে বসেন।
বৈঠক ঘিরে প্রধান উপদেষ্টার আবাসস্থল হোটেল ডোরচেস্টারের সামনে বিএনপির নেতাকর্মীরা অবস্থান করছেন। তাদের হাতে বিভিন্ন ব্যানার ফেস্টুন দেখা গেছে। তারেক রহমান হোটেলে পৌঁছালে নেতাকর্মীরা তাকে স্বাগত জানিয়ে বিভিন্ন স্লোগান দেন।
ড. ইউনূস ও তারেক রহমানের মধ্যে বৈঠক শেষে লন্ডনে দেশি-বিদেশি গণমাধ্যমের সাথে কথা বলবেন দলের জাতীয় স্থায়ী কমিটির সদস্য আমীর খসরু মাহমুদ চৌধুরী। বিএনপি মিডিয়া সেলের আহ্বায়ক অধ্যাপক ডা. মওদুদ হোসেন আলমগীর পাভেল এ তথ্য জানিয়েছেন।
হাই প্রোফাইল এই বৈঠক ঘিরে দেশে-বিদেশে ব্যাপক কৌতুহল রয়েছে। বিএনপি’র পক্ষ থেকে এই বৈঠককে বাংলাদেশের রাজনীতির জন্য টার্নিং পয়েন্ট বলে উল্লেখ করা হয়েছে। এই বৈঠক নিয়ে অন্যান্য রাজনৈতিক দলের নেতারাও আশাবাদী।
বৈঠকে নির্বাচনের দিনক্ষণ, চলমান রাজনৈতিক পরিস্থতি, সংস্কার, আওয়ামী লীগের গণহত্যার বিচারসহ নানা ইস্যুতে আলোচনা হবে বলে বিএনপি সূত্র জানিয়েছে।
চার দিনের সফরে লন্ডন সফর করছেন প্রধান উপদেষ্টা ড. মুহাম্মদ ইউনূস। সর্বশেষ বৃহস্পতিবার তিনি লন্ডনের সেন্ট জেমস প্যালেসে কিং চার্লস তৃতীয় হারমোনি অ্যাওয়ার্ড গ্রহণ করেন।
Leave a Reply