শীর্ষবিন্দু নিউজ: তফসিল ঘোষণার এক সপ্তাহ পেরিয়ে গেলেও রাজনৈতিক দলগুলোর মধ্যে সমঝোতার কোনো অগ্রগতি না পেয়ে হতাশ প্রধান নির্বাচন কমিশনার কাজী রকিবউদ্দীন আহমদ।
এ সময় সিইসি আরো বলেন, আমরা চাই সব দলের অংশগ্রহণে নির্বাচন হোক। তার জন্য সমঝোতা হতে হবে। একটা কনক্রিট অগ্রগতি হতে হবে। এখন পর্যন্ত আমরা কোনো অগ্রগতি দেখছি না। অগ্রগতি না হলে আমরা কী করবো? আমি আশাবাদী। কিন্তু আপনারাই [গণমাধ্যম] তো জানাচ্ছেন কোনো অগ্রগতি নেই। লাস্ট মোমেন্টে যদি কিছু হয়…। আলোচনার মাধ্যমে সমস্যা সমাধানের আহ্বান জানিয়ে কাজী রকিব বলেন, গণতন্ত্রের ভাষা হচ্ছে আলোচনা। আলোচনার মাধ্যমে সমস্যার সমাধান হতে হবে। সব সময় সমঝোতার পথ আছে। একটা-দুইটা পার্টি এমন নয়; সব দলকে নিয়ে সমঝোতায় আসতে হবে। জাতীয় পার্টি নির্বাচন থেকে সরে দাঁড়ানোর ঘোষণায় ইসি চিন্তিত নয় বলেও উল্লেখ করেন প্রধান নির্বাচন কমিশনার।
তিনি বলেন, এটা পার্টির বিষয়। পার্টি দেখবে। আগামী নির্বাচনটি কী একতরফা নির্বাচন হতে যাচ্ছে- এমন প্রশ্ন করা হলে কাজী রকিব বলেন, এটি যখন নির্বাচন হবে তখন [দেখা যাবে]। গণতন্ত্রে নির্বাচন ছাড়া ক্ষমতা বদলের কোনো উপায় নেই। আমরা সাংবিধানিক প্রতিষ্ঠান। সংবিধান মেনেই আমাদের চলতে হবে।