বৃহস্পতিবার, ৩০ এপ্রিল ২০২৬, ০৫:১৪

সংকট মোকাবেলায় অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

সংকট মোকাবেলায় অফিস ৯-৪টা, সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ

আগামী রোববার থেকে সরকারি ও বেসরকারি অফিস সকাল ৯টা থেকে বিকেল ৪টা পর্যন্ত চলবে। একই সঙ্গে জরুরি প্রয়োজন ছাড়া আজ (শুক্রবার) থেকে সন্ধ্যা ৬টার পর মার্কেট বন্ধ রাখার নির্দেশ দেওয়া হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) রাতে মন্ত্রিপরিষদের বৈঠকে এসব সিদ্ধান্ত গ্রহণ করা হয়েছে।

বৈঠকে জ্বালানি সংকট ও বৈশ্বিক পরিস্থিতির প্রেক্ষাপটে ব্যয় সাশ্রয় এবং বিদ্যুৎ-জ্বালানি ব্যবহারে নিয়ন্ত্রণ আনতে একগুচ্ছ গুরুত্বপূর্ণ সিদ্ধান্ত নিয়েছে সরকার। বৈঠক শেষে এসব সিদ্ধান্তের কথা জানান মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গনি।

তিনি বলেন, ব্যাংক লেনদেন চলবে বিকেল ৩টা পর্যন্ত। আর শিক্ষাপ্রতিষ্ঠান বন্ধের বিষয়ে রোববার বিস্তারিত নির্দেশনা দেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এই সময়ে সরকারি কোনো নতুন যানবাহন, জলযান বা আকাশযান ক্রয় করা হবে না। পাশাপাশি কম্পিউটারসহ অন্যান্য সরঞ্জাম কেনাও বন্ধ রাখা হবে।

তিনি জানান, সরকারি অর্থায়নে সব বৈদেশিক প্রশিক্ষণ পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত বন্ধ থাকবে। অভ্যন্তরীণ প্রশিক্ষণও ৫০ শতাংশ কমিয়ে আনা হয়েছে, যেন ব্যয় নিয়ন্ত্রণে রাখা যায়।

এছাড়া সভা-সেমিনারের ব্যয় ৫০ শতাংশ হ্রাস এবং জ্বালানি, বিদ্যুৎ ও গ্যাস খাতে ব্যয় ৩০ শতাংশ কমানোর সিদ্ধান্ত নেওয়া হয়েছে। অপ্রয়োজনীয় ভ্রমণ ব্যয়ও ৩০ শতাংশ কমানোর নির্দেশ দেওয়া হয়েছে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, এসব সিদ্ধান্ত দ্রুত বাস্তবায়নে সংশ্লিষ্ট মন্ত্রণালয়গুলোকে নির্দেশ দেওয়া হয়েছে এবং মনিটরিং জোরদার করা হবে। পরিস্থিতি বিবেচনায় ভবিষ্যতে আরও প্রয়োজনীয় পদক্ষেপ নেওয়া হবে।

মন্ত্রিপরিষদ সচিব বলেন, মধ্যপ্রাচ্যের চলমান যুদ্ধ পরিস্থিতির কারণে জ্বালানি সরবরাহে অনিশ্চয়তা তৈরি হয়েছে। দেশের প্রায় ৮০ শতাংশ তেল আমদানিনির্ভর হওয়ায় বৈশ্বিক বাজারের প্রভাব সরাসরি পড়ছে।

তিনি জানান, এই পরিস্থিতিতে সরকার বিকল্প উৎস থেকে জ্বালানি আমদানির উদ্যোগ নিয়েছে। এরই মধ্যে মালয়েশিয়া, ইন্দোনেশিয়া এবং কাজাখস্তান থেকে জ্বালানি আমদানির সম্ভাবনা তৈরি হয়েছে।

এর আগে রাত পৌনে ৯টার দিকে জাতীয় সংসদ সচিবালয়ের মন্ত্রিপরিষদ কক্ষে প্রধানমন্ত্রী তারেক রহমানের সভাপতিত্বে মন্ত্রিসভার বৈঠক অনুষ্ঠিত হয়। বৈঠক শেষ হয় রাত সাড়ে ১১টায়।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026