রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫০

গণহত্যার রায়ে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার

গণহত্যার রায়ে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে যুক্তরাজ্য থেকে বহিষ্কার

রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে মিয়ানমার গণহত্যা চালিয়েছে বলে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) ঐতিহাসিক রায়ের পর মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কার এবং জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি বৈঠক আহ্বানের ঘোষণা দিয়েছে যুক্তরাজ্য। বৃহস্পতিবার দেশটি এ ঘোষণা দেয়।

পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড জানান, মিয়ানমারের সামরিক শাসনের বিরুদ্ধে যুক্তরাজ্যের বিদ্যমান নিষেধাজ্ঞার ধারাবাহিকতায় রায়ের পরিপ্রেক্ষিতে তাৎক্ষণিকভাবে এসব পদক্ষেপ নেওয়া হচ্ছে।

এক বিবৃতিতে মিলিব্যান্ড বলেন, এই রায়ের আলোকে আমরা আজ তাৎক্ষণিক ব্যবস্থা নিচ্ছি। মিয়ানমারের শাসনের বিরুদ্ধে বিদ্যমান নিষেধাজ্ঞার ওপর ভিত্তি করে আমরা যুক্তরাজ্য থেকে মিয়ানমারের প্রতিরক্ষা অ্যাটাশেকে বহিষ্কারের নির্দেশ দিচ্ছি এবং রায় নিয়ে আলোচনার জন্য জাতিসংঘ নিরাপত্তা পরিষদের জরুরি অধিবেশন আহ্বান করছি।

মিয়ানমারের চার্জ দ্য অ্যাফেয়ার্সকে তলব করার এবং জবাবদিহি নিশ্চিত করতে আগামী দিনগুলোতে আরও পদক্ষেপের রূপরেখা দেওয়ার পরিকল্পনার কথাও জানান তিনি।

রোহিঙ্গা মুসলিমদের প্রতি মিয়ানমারের সামরিক শাসনের ভয়াবহ আচরণের নিন্দা জানিয়ে মিলিব্যান্ড বলেন, এই জঘন্য অপরাধগুলোর জন্য ব্যবস্থা নিতে এবং জবাবদিহি নিশ্চিত করতে যুক্তরাজ্য দৃঢ়প্রতিজ্ঞ।

আইসিজে ও আন্তর্জাতিক আইনের প্রতি ব্রিটেনের সমর্থন পুনর্ব্যক্ত করে তিনি জোর দেন যে মিয়ানমারকে অবশ্যই রায় পুরোপুরি মেনে চলতে হবে।

মিলিব্যান্ড আরও বলেন, রোহিঙ্গাদের জন্য বাস্তবায়ন, জবাবদিহি ও ন্যায়বিচারকে সমর্থন করার ক্ষেত্রে আন্তর্জাতিক সম্প্রদায়কে এখন তাদের ভূমিকা পালন করতে হবে।

তিনি বলেন, আদালতের এই রায় যেন এই স্পষ্ট বার্তা দেয় যে এ ধরনের অপরাধ দায়মুক্তির সঙ্গে করা যায় না, তা আমাদের নিশ্চিত করতে হবে।

বৃহস্পতিবার আইসিজে রায় দেন যে ২০১৭ সালে উত্তর রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা মুসলিমদের বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে।

এই রায়ের মাধ্যমে প্রথমবারের মতো জাতিসংঘের সর্বোচ্চ আদালত কোনও রাষ্ট্রকে গণহত্যার জন্য দায়ী করলেন। পাশাপাশি ক্ষতিপূরণ প্রদান এবং ভবিষ্যতে লঙ্ঘন রোধে ব্যবস্থা নেওয়ার নির্দেশও দিয়েছেন আদালত।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026