রবিবার, ২২ নভেম্বর ২০২৬, ০৮:৫০

যুক্তরাজ্যে ভিসা আবেদনের পরদিন খুন হলেন তাহিরা হুসেন

যুক্তরাজ্যে ভিসা আবেদনের পরদিন খুন হলেন তাহিরা হুসেন

যুক্তরাজ্যের ব্র্যাডফোর্ডে পারিবারিক সহিংসতার জেরে পাকিস্তানি বংশোদ্ভূত ৪৬ বছর বয়সী তাহিরা হুসেনকে হত্যা এবং ২০ বছর বয়সী এক তরুণীকে হত্যাচেষ্টার অভিযোগে বিলাল আজমল (২৬) নামে এক ব্রিটিশ-পাকিস্তানি যুবককে আদালতে হাজির করা হয়েছে।

বৃহস্পতিবার (১৯ নভেম্বর) ব্র্যাডফোর্ড ম্যাজিস্ট্রেট আদালত তাকে কারাগারে পাঠানোর নির্দেশ দেন।

ওয়েস্ট ইয়র্কশায়ার পুলিশ জানায়, মঙ্গলবার (১৭ নভেম্বর) গ্রিনিচ মান সময় রাত আনুমানিক ১টা ৪০ মিনিটে লিটল হর্টন ও ব্যাংকফুট এলাকার কার বটম রোডের একটি বাড়িতে জরুরি কল পেয়ে পুলিশ ও প্যারামেডিক দল পৌঁছায়।

ঘটনাস্থলেই তাহিরাকে মৃত ঘোষণা করা হয়। গুরুতর আহত ২০ বছর বয়সী তরুণীকে উদ্ধার করে হাসপাতালে ভর্তি করা হয়। স্বজনেরা আহত তরুণীকে নিহতের পুত্রবধূ হিসেবে শনাক্ত করেছেন।

তবে পুলিশ তার পরিচয় বা নিহত ও অভিযুক্তের সঙ্গে সম্পর্কের কথা প্রকাশ করেনি। তার মুখমণ্ডল ও শরীরের ওপরের অংশে গুরুতর জখম হয়েছে। তিনি এখন লিডসের একটি হাসপাতালে বিশেষজ্ঞ চিকিৎসকদের নিবিড় পর্যবেক্ষণে আছেন।

পুলিশ ঘটনাটিকে একটি প্রাণঘাতী হামলা বলে উল্লেখ করেছে। অভিযানের পর সেদিনই ব্র্যাডফোর্ডের অন্য একটি স্থান থেকে বিলালকে গ্রেফতার করা হয়। বৃহস্পতিবার সকালের আদালত অধিবেশনের আগে তার বিরুদ্ধে আনুষ্ঠানিক অভিযোগ গঠন করা হয়।

তদন্তের নেতৃত্বদানকারী ডিটেকটিভ চিফ ইন্সপেক্টর মাইকেল কক্স জানান, তদন্তের স্বার্থে প্রয়োজনীয় সব পুলিশি তৎপরতা চালানো হচ্ছে এবং এ ঘটনায় আর কাউকে খোঁজা হচ্ছে না।

বৃহস্পতিবার ধূসর সোয়েটশার্ট ও জগার্স পরে কাঠগড়ায় দাঁড়ান বিলাল। আদালতের চেয়ার অব দ্য বেঞ্চ প্রেসলি ডগলাস বলেন, অভিযোগের গুরুত্ব বিবেচনায় মামলাটি সরাসরি উচ্চ আদালতে পাঠানো আবশ্যক।

তিনি আনুষ্ঠানিক অভিযোগ গঠনের শুনানির জন্য শুক্রবার (২০ নভেম্বর) মামলাটি ব্র্যাডফোর্ড ক্রাউন কোর্টে স্থানান্তরের আদেশ দেন।

ব্রিটিশ বিচারিক প্রক্রিয়ায় হত্যা ও হত্যাচেষ্টার মতো অপরাধে ম্যাজিস্ট্রেট আদালতের বিচার পরিচালনা, দোষ স্বীকার বা অস্বীকারের বক্তব্য গ্রহণ কিংবা জামিন মঞ্জুরের এখতিয়ার নেই।

স্বজনেরা জানান, বিলাল ও দুই সন্তানের জননী তাহিরা একই বাড়িতে থাকতেন। মৃত্যুর আগের দিন সোমবার (১৬ নভেম্বর) তাহিরা পাকিস্তানের ভিসার আবেদন করতে লিডসে গিয়েছিলেন।

অনেক বছর পর পাকিস্তানে থাকা দুই ভাইয়ের সঙ্গে দেখা করার জন্য তিনি অধীর অপেক্ষায় ছিলেন। নিহতের ৭১ বছর বয়সী চাচাতো ভাই আহমেদ হানিয়া গভীর শোক প্রকাশ করে জানান, এই সফর নিয়ে তাহিরা ভীষণ উচ্ছ্বসিত ছিলেন।

স্থানীয় ক্যাফে মালিক সামিরান হানিয়া (৪৩) বলেন, তাহিরা ও তার পুত্রবধূ দুজনেই অমায়িক ও সবার প্রিয় ছিলেন। এক সপ্তাহ আগেও একটি পারিবারিক অনুষ্ঠানে তাদের একসঙ্গে দেখা গিয়েছিল।

প্রতিবেশী জেমস প্রাইস (৬৫) জানান, রাত প্রায় ২টার দিকে প্রচুর পুলিশের উপস্থিতিতে তার ঘুম ভেঙে যায়। তিনি দেখেন, সশস্ত্র পুলিশ বাড়িটি ঘিরে রেখেছে এবং ভেতরে প্যারামেডিকরা কাজ করছেন।

বন্ধুবান্ধব ও প্রতিবেশীরা বাড়ির সামনে ফুলের তোড়া রেখে শ্রদ্ধা জানাচ্ছেন। মঙ্গলবার রাতে স্থানীয় একটি মসজিদে তাহিরার স্মরণে বিশেষ দোয়া ও শোকসভা হয়েছে। এলাকায় পুলিশ টহল জোরদার করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026