বৃহস্পতিবার, ২৬ নভেম্বর ২০২৬, ০২:১৯

রোহিঙ্গা ‘গণহত্যা’ নিয়ে আইসিজের রায়কে ইউরোপের ১৪ দেশের স্বীকৃতি

রোহিঙ্গা ‘গণহত্যা’ নিয়ে আইসিজের রায়কে ইউরোপের ১৪ দেশের স্বীকৃতি

রোহিঙ্গা জনগোষ্ঠীর ওপর মিয়ানমারের গণহত্যার অভিযোগে আন্তর্জাতিক বিচার আদালতের (আইসিজে) রায়কে স্বাগত জানিয়েছে যুক্তরাজ্যসহ ১৪টি দেশ। একই সঙ্গে মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার ওপর নতুন নিষেধাজ্ঞা আরোপ করেছে যুক্তরাজ্য।

গতকাল এক যৌথ বিবৃতিতে যুক্তরাজ্য, অস্ট্রেলিয়া, কানাডা, বেলজিয়াম, সাইপ্রাস, চেক প্রজাতন্ত্র, এস্তোনিয়া, আইসল্যান্ড, লাটভিয়া, লুক্সেমবার্গ, নিউজিল্যান্ড, পর্তুগাল, স্পেন ও গাম্বিয়া জানায়, মিয়ানমার গণহত্যা সনদ অনুযায়ী নিজেদের বাধ্যবাধকতা লঙ্ঘন করেছে।

বিবৃতিতে দেশগুলো জানায়, আইসিজের রায় মিয়ানমারের জন্য বাধ্যতামূলক। আন্তর্জাতিক আইন ও আদালতের সিদ্ধান্ত অনুযায়ী মিয়ানমারকে তার সব দায়বদ্ধতা পূরণের আহ্বান জানানো হয়েছে।

আলাদাভাবে যুক্তরাজ্য রোহিঙ্গাদের ওপর সংঘটিত ঘটনাকে আনুষ্ঠানিকভাবে গণহত্যা হিসেবে স্বীকৃতি দিয়েছে। পাশাপাশি মিয়ানমারের পাঁচ জ্যেষ্ঠ সামরিক কর্মকর্তার বিরুদ্ধে সম্পদ জব্দ ও ভ্রমণ নিষেধাজ্ঞা আরোপ করেছে দেশটি।

যুক্তরাজ্যের পররাষ্ট্রমন্ত্রী এড মিলিব্যান্ড বলেন, রোহিঙ্গাদের ওপর সংঘটিত ভয়াবহ সহিংসতা ও নিপীড়নের কোনো জবাবদিহি ছাড়া পার পাওয়ার সুযোগ নেই।

এ ছাড়া মিয়ানমারে উড়োজাহাজের জ্বালানি রপ্তানি ও সরবরাহ বন্ধে আইন প্রণয়নের পরিকল্পনা রয়েছে বলে জানিয়েছে ব্রিটিশ পররাষ্ট্র দপ্তর। রোহিঙ্গা ও অন্যান্য ক্ষতিগ্রস্ত জনগোষ্ঠীর জন্য জরুরি মানবিক সহায়তায় অতিরিক্ত ৫০ লাখ পাউন্ড দেওয়ার ঘোষণাও দিয়েছে যুক্তরাজ্য। রাখাইন রাজ্যের প্রায় ৩ লাখ ৫০ হাজার মানুষের সহায়তায় এ অর্থ ব্যয় হবে। পাশাপাশি মানবাধিকার লঙ্ঘনের ঘটনায় জবাবদিহি ও ন্যায়বিচার নিশ্চিত করতে আরও ৩০ লাখ পাউন্ড বরাদ্দ দেওয়া হবে।

গত ১৯ নভেম্বর এক ঐতিহাসিক রায়ে আইসিজে জানায়, ২০১৭ সালে রাখাইন রাজ্যে সামরিক অভিযানের সময় মিয়ানমার রোহিঙ্গা সংখ্যালঘু জনগোষ্ঠীর বিরুদ্ধে গণহত্যা চালিয়েছে। আদালতের ৮০ বছরের ইতিহাসে কোনো রাষ্ট্রের বিরুদ্ধে গণহত্যার দায় নির্ধারণের এটিই প্রথম ঘটনা। তবে মিয়ানমার সরকার এ রায়কে অন্যায্য ও ‘বড় ধরনের হতাশা’ বলে অভিহিত করেছে।




Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 ১
২৩৪৫৬৭৮
৯১০১১১২১৩১৪১৫
১৬১৭১৮১৯২০২১২২
২৩২৪২৫২৬২৭২৮২৯
৩০  
All rights reserved © shirshobindu.com 2012-2026