রবিবার, ২৬ জুলাই ২০২৬, ০৬:৪৯

মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে সোনার বাংলাকে

মুক্তিযুদ্ধের চেতনায় গড়ে তুলতে হবে সোনার বাংলাকে

শীর্ষবিন্দু নিউজ: একাত্তরের যুদ্ধাপরাধীদের কেবল ফাঁসি দিলেই হবে না, এবার মুক্তিযুদ্ধের চেতনায় দেশটাকে গড়ে তুলবে হবে। একাত্তরে যাঁরা শহীদ হয়েছেন, তাঁদের আদর্শ আজ নতুন করে সবার মাঝে ছড়িয়ে দিতে হবে। সে আদর্শে নতুন প্রজন্মকে গড়ে তুলতে হবে। আজ শনিবার শহীদ বুদ্ধিজীবী দিবস উপলক্ষে মিরপুরের শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে শ্রদ্ধা নিবেদনের পর সাধারণ মানুষের মুখে ছিল এমন দাবি।

শহীদদের প্রতি শ্রদ্ধা জানাতে সকাল থেকেই মিরপুর শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সর্বস্তরের সাধারণ মানুষের ঢল নামে। তবে এবারের বুদ্ধিজীবী দিবসটি ছিল অন্যবারের চেয়ে একেবারেই আলাদা। একাত্তরের মানবতাবিরোধী অপরাধের প্রথম ফাঁসি কার্যকর হওয়ায় সবার চোখেমুখে ছিল স্বস্তির ছাপ। মুক্তিযুদ্ধ চলাকালে পাকিস্তানের এ দেশীয় দোসর রাজাকার ও আলবদরের সহায়তায় শিক্ষক, সাংবাদিক, চিকৎসক, সাংস্কৃতিক কর্মীসহ বিভিন্ন পেশার বরেণ্য ব্যক্তিদের বাড়ি থেকে তুলে নিয়ে নির্মমভাবে হত্যা করা হয়। রায়েরবাজার ও মিরপুর থেকে পরে তাঁদের অনেকের মরদেহ উদ্ধার করা হয়, অনেকের মরদেহের কোনো খোঁজই পাওয়া যায়নি।

সকালে শহীদ বুদ্ধিজীবী স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন রাষ্ট্রপতি আবদুল হামিদ ও প্রধানমন্ত্রী শেখ হাসিনা। বিরোধীদলীয় নেতা খালেদা জিয়াও ফুল দিয়ে শ্রদ্ধা জানান। রাষ্ট্রপতি মিরপুর বুদ্ধিজীবী স্মৃতিসৌধে সকাল ছয়টা ৫০ মিনিটে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এর পরপরই প্রধানমন্ত্রী শ্রদ্ধা জানান।

পরে আওয়ামী লীগের পক্ষ থেকে শহীদদের প্রতি শ্রদ্ধা জানান প্রধানমন্ত্রী শেখ হাসিনা। এ সময় আওয়ামী লীগের সভাপতিমণ্ডলীর সদস্য মতিয়া চৌধুরী, আওয়ামী লীগের সাধারণ সম্পাদক ও স্থানীয় সরকারমন্ত্রী সৈয়দ আশরাফুল ইসলাম, ত্রাণ ও দুর্যোগ ব্যবস্থাপনা মন্ত্রী আমির হোসেন আমু, নৌ পরিবহনমন্ত্রী ও মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাজাহান খান এবং মোফাজ্জল হোসেন চৌধুরীসহ দলের শীর্ষস্থানীয় নেতারাও ফুল দিয়ে শ্রদ্ধা নিবেদন করেন। পরে মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের মন্ত্রী শাহাজান খানের নেতৃত্বে শহীদ পরিবারের সদস্য ও উপস্থিত মুক্তিযোদ্ধারা স্মৃতিসৌধে ফুল দিয়ে শ্রদ্ধা জানান। এরপর বিভিন্ন রাজনৈতিক, সামাজিক ও সাংস্কৃতিক সংগঠন এবং সর্বস্তরের মানুষ স্মৃতিসৌধে পুষ্পার্ঘ্য অর্পণের মাধ্যমে জাতির শ্রেষ্ঠ সন্তান শহীদ বুদ্ধিজীবীদের প্রতি শ্রদ্ধা জানান।




Comments are closed.



পুরানো সংবাদ সংগ্রহ

সোম মঙ্গল বুধ বৃহ শুক্র শনি রবি
 
১০১১১২
১৩১৪১৫১৬১৭১৮১৯
২০২১২২২৩২৪২৫২৬
২৭২৮২৯৩০৩১  
All rights reserved © shirshobindu.com 2012-2026